মার্কিন যুক্তরাষ্ট্র সরকার তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও তার দলকে সমর্থন করে: বাউচার
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার রোববার বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও তার দলকে সমর্থন করে।
রোববার সকালে বঙ্গভবনে রাষ্টপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠক শেষে বাউচার বলেন, এটা পরিস্কার যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং তার কর্মকাণ্ডকে সমর্থন করে।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেশের সব রাজনৈতিক দলের উচিত প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলীকে সাহায্য করা।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ প্রসঙ্গে বাউচার বলেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে আমার কোন পরামর্শ নেই।
নির্বাচন কমিশন প্রসঙ্গে বাউচার আরো বলেছেন, বর্তমান পরিস্থিতি কমিশন জানেন। তাই তারা নিজেদের মধ্যে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন।
বাউচার অবশ্য বলেছেন, “ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন একটি সাংবিধানিক কর্তৃপক্ষ হলেও তাদের কার্যক্রম জনগণের কাছে বিশ্বাসযোগ্য হওয়া উচিত”।
বাংলাদেশে তার দুইদিনের সফর সম্পর্কে বাউচার বলেন, এটা ছিল সফল একটি সফর। “আমি রাষ্ট্রপতির সাথে বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।
এক প্রশ্নের জবাবে বাউচার বলেন, রাজনৈতিক দলগুলোই পারে বিদ্যমান সমস্যার সমাধান করতে।
নিজেদের অবস্থান স্পষ্ট করে বাউচার বলেছেন, “আমরা মার্কিনিরা নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন করি”।
এর আগে বাউচার শনিবার প্রধান দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর পর এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমন পরিস্থিতি সংঘাতমূলক হলেও সেনাশাসন কোনো সমাধান নয়। রোববার সন্ধ্যায় তিনি বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন।
