২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়: খালেদাকে বাউচার

বাংলাদেশে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2006, 06:26 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে শনিবার সেনানিবাসের শহীদ মইনূল সড়কের বাসভবনে সাক্ষাত করে একথা বলেন যুক্তরাষ্ট্রের সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী রির্চাড বাউচার।

এর জবাবে খালেদা জিয়া বলেন, তার জোট দেশে নির্ধারিত সময়ে শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়।

সাক্ষাতকালে বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাউচার সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তবে মোর্শেদ খান এক প্রেসবিফিং-এ আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন।

তিনি বলেন, আগামী নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনার, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, ১৪ দলের কর্মসূচি প্রভূতি বিষয় নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, বাউচার খালেদা জিয়ার কাছে জানতে চান তাঁর জোট আবার ক্ষমতায় গেলে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন। এর জবাবে খালেদা জিয়া বাউচারকে জানান, “আমাদের সরকারের অসমাপ্ত কাজ, দুর্নীতি দমন ও স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণের ওপর অগ্রাধিকার দেয়া হবে।”

পরিশেষে খালেদা জিয়া বাউচারকে আইন-শৃংখলা পরিস্থিতি ও জঙ্গী তৎপরতাসহ বিভিন্ন বিষয়ে তাঁর সাবেক সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন এবং সন্ত্রাসবিরোধী অভিযানে সব সময় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পাশে থাকবে বলে জানান।

মোর্শেদ খান বলেন, “বাউচার আমাদের কাছে জানতে চান আগামীকাল ১৪ দল কি করতে চায়? এই প্রশ্নের জবাবে তাকে বলা হয়েছে, প্রশ্নটি আপনি সঠিক জায়গায় উপস্থাপন করেননি। সঠিক জায়গায় গিয়ে প্রশ্নটি করুন।

তবে এ প্রসঙ্গে খালেদা জিয়া বাউচারকে বলেছেন, “গত কয়েকদিনের ঘটনায় আমরা উদ্বিগ্ন। জনগণের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত হলে বিএনপি তা প্রতিহত করবে।”

প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মোর্শেদ খান বলেন, খালেদা জিয়া বাউচারকে বলেছেন, সংবিধান অনুযায়ী তিনি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চান।