২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ পর্যায়ে ব্যাপক রদবদলে নতুন ফিট লিস্ট হচ্ছে

জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) পদে রোববার বা সোমবার ব্যাপক রদবদলের উদ্যোগ নেওয়া হতে পারে। এরই মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের “বঞ্চিত” কর্মকর্তাদের মধ্য থেকে যোগ্য জেলা প্রশাসকদের তালিকা (ডিসি ফিট লিস্ট) তৈরির জন্য শুক্রবার ’৮৪ সালের ব্যাচের ৫০ উপসচিবের সাক্ষাতকার নেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2006, 08:42 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

’৮৫-এর ব্যাচের ৫০ উপসচিবের সাক্ষাতকার নেওয়ার কথা শনিবার।

গত পাঁচ বছরে “পদোন্নতি ও পদায়ণবঞ্চিত” কর্মকর্তাদের দাবির মুখে বিভিন্ন জেলায় বিদায়ী সরকারের নিয়োগ করা জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, ইউএনও ও সহকারি কমিশনার (ভূমি) পদে রদবদলের প্রক্রিয়া ঝিমিয়ে পড়েছিল।

সংস্থাপন মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছেন, জোট সরকারের শেষ সময়ে দুটি তালিকা তৈরি করা হয়েছিল। তালিকা দুটি বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে। নতুন সাক্ষাতকারের মাধ্যমে তৈরি করা তালিকাসহ তিনটি তালিকা থেকেই জেলা প্রশাসক নিয়োগ চূড়ান্ত করা হবে। এক্ষেত্রে নতুন তালিকায় অন্তর্ভুক্ত কর্মকর্তাদেরই প্রাধান্য দেওয়া হতে পারে।

রোববার বা সোমবার থেকেই জেলা প্রশাসক পদে ব্যাপক রদবদল শুরু করা সম্ভব বলে সংস্থাপন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান।

“বঞ্চিত” উপসচিব ও সিনিয়র সহকারি সচিব পর্যায়ের কর্মকর্তাদের দাবি মাঠ পর্যায়ের পদগুলোতে রদবদলের আগে তাদের জ্যৈষ্ঠতাসহ পদোন্নতি এবং পদায়ণ করা। এ নিয়ে ওই কর্মকর্তারা কয়েকবার মন্ত্রিপরিষদ সচিব ও সংস্থাপন সচিবের সাথে দেখা করেন। সর্বশেষ বৃহস্পতিবার ওই কর্মকর্তারা উপদেষ্টা সি এম শফি সামি ও সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরীর সাথে দেখা করেন।

এ সময় তারা উপদেষ্টা ও সংস্থাপন সচিবের কাছে “বঞ্চিত” কর্মকর্তাদের একটি তালিকা জমা দেন। তারা ওই তালিকা থেকে সুনির্দিষ্ট নীতিমালার আলোকে “বঞ্চিত”দের জ্যৈষ্ঠতাসহ পদোন্নতি এবং পদায়ণের দাবি জানান।

এ সময় সচিব সোলায়মান চৌধুরী বঞ্চিত কর্মকর্তাদের বলেন, পদোন্নতির জন্য সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠকের প্রয়োজন। তাই মাঠ প্রশাসনে রদবদলের আগে এ বিষয়টির সুরাহা করতে গেলে তা হবে সময়সাপেক্ষ ব্যাপার। তিনি বিষয়টি পরে বিবেচনা করার আশ্বাস দেন।