বিটিভির সংবাদে উপদেষ্টারাই শীর্ষে
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বৃহস্পতিবার রাত আটটার খবরে প্রভাব বিস্তার করে ছিলেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও অন্যান্য উপদেষ্টারা। আর এ সব খবরের ভিড়ে রাজনীতিকদের কর্মসূচি স্থান পায় সংবাদের শেষের দিকে।
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের আলোচনা নিয়ে ৬ মিনিটের একটি প্রতিবেদনের মধ্য দিয়ে শুরু হয় ৩০ মিনিটের এই সংবাদ ।
খবরের দ্বিতীয় শীর্ষ সংবাদ ছিলো নবগঠিত রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের বৈঠক।
বাংলাদেশে বিশ্ব ব্যাংকের বিদায়ী আবাসিক প্রতিনিধি ক্রিস্টিন আই ওয়ালিকের সঙ্গে চার উপদেষ্টার সাক্ষাতের খবরটি ছিল তৃতীয় স্থানে।
এর পরেই আসে ধর্ম বিষয়ক উপদেষ্টা মাহবুবুল আলমের সভাপতিত্বে হজ্ব ফ্লাইট নিয়ে আন্তঃমন্ত্রণালয় বেঠক।
এছাড়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে অষ্টম জাতীয় সংসদের সদস্যদের বৈঠক পঞ্চম স্থান পায়।
আন্তর্জাতিক ও খেলার সংবাদ প্রচারে ব্যায় করা হয় ৭ মিনিট ।
এছাড়া প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অস্ট্রেলীয় হাইকমিশনার ডগলাস ফসকেটের বৈঠক, ১৪ দলীয় জোটের সংবাদ সম্মেলন, নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও, যুবদলের সংবাদ সম্মেলন, দেশব্যাপী চার দলীয় জোটের সমাবেশ এবং শহীদ নূর হোসেন দিবসের খবর সংবাদের ২৫ টি প্রতিবেদনের মধ্যে স্থান পায়।
