ঢাবি ছাত্রলীগের পদবঞ্চিতদের পাল্টা কমিটি
বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠনকে কেন্দ্র করে তাদের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটির পদবঞ্চিত নেতা-কর্মীরা বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৫৭ সদস্যবিশিষ্ট একটি পাল্টা কমিটি গঠন করেছে।
মঙ্গলবার রাতে কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটির বিপরীতে এ কমিটি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার বিকেলে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তন ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা নতুন এই কমিটি গঠনের কথা জানান।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ঢাবি শাখার সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন সুজন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি মো. মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক রফিকুল আলম গাফফরী রাসেল।
লিখিত বক্তব্যে তারা বলেন, দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় ছাত্রলীগের কোন কমিটি না থাকায় নেত্রী শেখ হাসিনার নির্দেশিত পন্থায় ঢাবি ছাত্রলীগের বিদায়ী কমিটির এক সভায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নতুন এই কমিটি গঠন করা হয়েছে।
পাল্টা কমিটি গঠনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহাদাত হোসেন সুজন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ১০১ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যদের প্রায় ৬৫ জনই নতুন কমিটি গঠনের ব্যাপারে স্বাক্ষর দিয়েছেন।
তিনি আরো বলেন, নেত্রীর নির্দেশ ছাড়াই সংগঠনের গঠনতন্ত্র না মেনে পূর্বের কমিটি ঘোষণা করা হয়। বিরাজমান স্থবিরতা কাটিয়ে সুষ্ঠ নির্বাচনের জন্য এ কমিটি কাজ করবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে তারা নবগঠিত কমিটির সাংগঠনিক কর্মকাণ্ড হিসেবে শনিবার ক্যাম্পাসে মিছিল কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন বিদ্রোহী গ্রুপের কমিটি গঠনের বিষয়ে বলেন, যারা সংগঠন থেকে বের হয়ে কমিটি গঠন করেছে তাদের বিষয়ে তিনি কিছু জানেন না।
এদিকে মঙ্গলবার যে কমিটি ঘোষণা করা হয়েছে তা আগে একবার ঘোষণার পরই স্থগিত করা হয়েছিল।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় শাখার কমিটি নিয়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল চলছে প্রায় ছয় মাস ধরে। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এর আগে কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন এবং সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনকে পদবঞ্চিত নেতা-কর্মীরা মধুর ক্যান্টিনে লাঞ্ছিত করেছিল।
