বরিশালে বিএনপি নেতাকে শোকজ
কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক বরিশাল-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট জয়নাল আবেদীনকে দলীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১২ নভেম্বরের মধ্যে ওই নোটিশের জবাব দিতে ব্যর্থ হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বুধবার কেন্দ্র থেকে পাঠানো এ সংক্রান্ত একটি নোটিশ মুলাদীতে এসে পৌঁছে।
তবে অভিযুক্ত বিএনপি নেতা এ জাতীয় কোন নোটিশ পাননি বলে জানিয়েছেন।
সূত্র জানায়, জয়নাল আবেদীনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশ অমান্য করে নিজেকে বিএনপির প্রার্থী পরিচয় দিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন খোদ দলের মহাসচিব। এ ঘটনায় তার কাছে কারণ দর্শানোর জন্য ওই নোটিশ পাঠায় কেন্দ্রীয় কমিটি।
বিএনপির সাবেক সাংসদ মোশাররফ হোসেন মঙ্গু শোকজ নোটিশের কথা স্বীকার করে বলেন, “খালেদা জিয়া গত ২৭ আগস্ট হিজলা-মুলাদীতে সমাবেশে আমাকে চারদলীয় জোটের প্রার্থী পরিচয় করিয়ে দিয়ে সভা সমাবেশ করেন। অথচ জয়নাল আবেদীন নিজেকে প্রার্থী পরিচয় দিয়ে প্রচারণা চালাচ্ছেন।”
এদিকে জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “শোকজের ব্যাপারে কিছুই জানি না। এ ছাড়া ওই ধরনের কোন কাগজপত্রও বুধবার বিকেল ৪টা পর্যন্ত আমার হাতে আসেনি।”
এ ঘটনায় দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।
