২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতার মন্তব্যের নিন্দা জানিয়েছেন আইনজীবীরা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ৮১৫ জন আইনজীবী বুধবার এক যৌথ বিবৃতিতে দেশবরেণ্য আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও বিশিষ্ট নাগরিকদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী ও কতিপয় জামায়াত নেতার আপত্তিকর মন্তব্য ও হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2006, 08:11 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

বিবৃতিতে স্বাক্ষরকারী অন্যতম আইনজীবীরা হলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ, আবদুল বাসেত মজুমদার, মো. ওয়াযের ফারুক, মাহবুবে আলম, সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন, বার কাউন্সিলের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সাহারা খাতুন, জেড আই খান পান্না, পিসি হুহ, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু।

বিবৃতিতে আইনজীবীরা বলেছেন, ’৭০ এর সাধারণ নির্বাচনে বাঙ্গালীর নিরঙ্কুশ বিজয় সম্পর্কে বিরূপ মন্তব্য করায় দেশবাসী ক্ষুদ্ধ।

’৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং বুদ্ধিজীবীদের হত্যার নীলনকশাকারী ও হত্যাকারীদের মদদ দাতাদের এ ধরনের বক্তব্যে সমগ্র দেশবাসী প্রতিরোধে ঐক্যবদ্ধ।

মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী নেতৃবৃন্দ ও ব্যক্তিদের বিরুদ্ধে জামায়াত নেতাদের বক্তব্য একাত্তরে তাদের ঘৃণ্য ও বর্বরোচিত কর্মকাণ্ডকে স্মরণ করিয়ে দেয়।

বিবৃতিতে ঘাতক ঘৃণ্য চক্রের উস্কানিমূলক বক্তব্য দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানানো হয়েছে।

এ অপশক্তির অশুভ ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকতে ও প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান আইনজীবীরা।