২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়নক হবেন না: রাষ্ট্রপতির প্রতি ১৪ দলের আহ্বান

খালেদা জিয়ার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের ক্রীড়নক না হওয়ার জন্য রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহমেদের প্রতি আহ্বান জানিয়েছেন ১৪ দলের নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2006, 04:48 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদের সভাপতিত্বে বুধবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে ১৪ দলের নেতাদের বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মকতারা অতিরিক্ত প্রভাব বিস্তার করছে অভিযোগ জানিয়ে জলিল বলেন, রাষ্ট্রপতি একইসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দুটো কাজ সমন্বয় করতে গিয়ে জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছেন।

জলিল বলেন, “গতকাল খালেদা জিয়া যেসব কথা বলেছেন, এর মধ্য দিয়ে তিনি জাতিকে উসকে দিচ্ছেন, সংঘাতকে তিনি আমন্ত্রণ করছেন।” তিনি বলেন, “ঊনার কথাবার্তা ও আচরণ নির্বাচনকে বানচালের ইঙ্গিত বহন করে।”

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আব্দুল জলিল বলেন, “আপনার আচার ব্যবহার দেখে মনে হয়, আপনি হয়তো ভুলে গেছেন যে আপনি এখন আর প্রধানমন্ত্রী নেই। কিন্তু রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত আচরণ করেই চলছেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জনগণের আকাঙ্খায় বাধা সৃষ্টি করলে, তার দায়িত্ব আপনাকে বহন করতে হবে।”

রাষ্ট্রপতিকে সংবিধান বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার আহবান জানিয়ে জলিল বলেন, বিএনপির নিয়োগকৃত এটর্নি জেনারেল রাষ্ট্রপতিকে ভুল পরামর্শ দিচ্ছে। সংবিধান প্রণেতারা জনগণের প্রতিনিধি, আর সংবিধান জনগণের ঊর্ধ্বে নয়, দেশেরও ঊর্ধ্বে নয়।

অবিলম্বে সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি করে ১৪ দলের সমন্বয়ক বলেন, একটি নীতিমালার ভিত্তিতে প্রশাসনিক রদবদল করতে হবে।

প্রশাসনে বদলির নাটক চলছে অভিযোগ করে তিনি বলেন, সংস্থাপন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন বিগত সরকারের আমলের মতোই চলছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টি নেতা বিমল বিশ্বাস ও জাসদ নেতা হাসানুল হক ইনু।