২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ নভেম্বরের পর দেশে গোলযোগ ঘটলে রাষ্ট্রপতিই দায়ী থাকবেন: শেখ হাসিনা

নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করার কারণে আগামী ১২ নভেম্বরের পর দেশে সংঘাত ও গোলযোগ ঘটলে রাষ্টপতি দায়ী থাকবেন বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2006, 06:22 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

মঙ্গলবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে ১৪ দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা একথা বলেন।

পাশাপাশি হাসিনা অযথা দেরি না করে দ্রুত অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য রাষ্ট্রপতির প্রতি পুনরায় আহবান জানান।

রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কোন ভূমিকা রাখতে পারছেন না উল্লেখ করে তিনি বলেন, গত ১০ দিনে রাষ্ট্রপতি তাঁর আচরণ ও ব্যবহারসহ এমন কোন কার্যকর ভূমিকা রাখতে পারেনি যাতে তিনি নিরপেক্ষ ভুমিকা পালন করছেন বলে প্রমাণ হয়।

খালেদা জিয়ার নাম উল্লেখ না করে তিনি বলেন, এক ব্যক্তির ভোট চুরির ইচ্ছার বাস্তবায়ন করতে গিয়ে রাষ্ট্রপতি দেশকে সংঘাতের পথে ঠেলে দিবেন, তা কাম্য হতে পারে না।

আলটিমেটাম দেওয়ার চারদিন পার হয়ে গেছে উল্লেখ করে নেত্রী বলেন, রাষ্ট্রপতির কাজকর্ম দেখে মনে হচ্ছে সময় পার করাই যেন তাঁর কাজ। তিনি বলেন, রাষ্ট্রপতি সব মন্ত্রণালয় বন্টন না করে পরিস্থিতি আরো জটিল করে ফেলছেন। তিনি যদি প্রধান উপদেষ্টার ভার সইতে না পারেন, তবে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নতুন কাউকে নিয়োগ দিতে পারেন।

ধানমন্ডির কার্যালয়ে মঙ্গলবার সকালে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক শেষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শেখ হাসিনা ভোটের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য সমাজের বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষের প্রতি আহবান জানিয়ে বলেন, “আমরা অনেক সহনশীলতা দেখিয়েছি, অনেক নির্যাতন সহ্য করেছি।”

আগামী ১২ নভেম্বর থেকে সড়ক, রেল ও নৌপথসহ সারা দেশে অবরোধ কর্মসূচি পালনের জন্য জনগণের প্রতি পুনরায় আহবান জানিয়েছেন শেখ হাসিনা।

নির্বাচন কমিশনের খোলনলচে বদলানোর দাবি জানিয়ে তিনি বলেন, এক ব্যক্তির ইচ্ছায় প্রাধান নির্বাচন কমিশনার এম এ আজিজকে রেখে নির্বাচন কমিশনের সংস্কার না করলে আবারো দেশে রক্ত ঝরবে।

হাসিনা বলেন, নির্বাচন কমিশন সংস্কার করা এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে, এই কমিশন দিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়।

প্রধান নির্বাচন কমিশনার মানসিকভাবে ভারসাম্যহীন উল্লেখ করে হাসিনা আরও বলেন, “তিনি সকালে এক কথা বলেন, বিকেলে আরেক কথা বলেন।” তিনি বলেন, আজিজ সাহেবের স্মরণ রাখা দরকার বিএনপি সরকারের অনেক মন্ত্রী তার সম্পর্কে কি মন্তব্য করেছেন।

হাসিনা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়ে এক ব্যক্তির একগুয়েমির কারণে এবং ভোট চুরি করার মানসিকতার জন্য ইতোমধ্যে ২৮ জন মানুষের প্রাণ হারাতে হয়েছে।

নতুন ভোটার তালিকায় ভূয়া ভোটারের সংখ্যা ১ কোটি ৪০ লাখ উল্লেখ করে আওয়ামী লীগ প্রধান বলেন, অবিলম্বে ভোটার তালিকা সংশোধন করে নতুন তালিকা প্রণয়ন করতে হবে। এ প্রসঙ্গে তিনি তত্ত্বাবধায়ক উপদেষ্টা পরিষদের অনেক সদস্য ভোটার হতে পারেনি বলে জানান।

বায়তুল মোকারমের জাতীয় মসজিদকে জামায়াতে ইসলামী নিজেদের অস্ত্রাগার হিসেবে ব্যবহার করছে উল্লেখ করে হাসিনা বলেন, মসজিদের পবিত্রতা রক্ষা করা ঈমানদার মুসলমানদেরই দায়িত্ব।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, সাজেদা চৌধুরী।