২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিন: ওয়ার্কার্স পাটি

২৮ অক্টোবরের ঘটনাবলীর জন্য দায়ী জামায়াত-শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি দাবি জানিয়েছে ওয়ার্কার্স পাটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 10:34 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

তোপখানা রোডের দলীয় কার্যালয়ে ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রাশেদ খান মেনন সোমবার এ আহবান জানান। এছাড়া সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস। এসময়ে উপস্থিত ছিলেন গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে জামায়াত শিবিরের গুলিতে নিহত ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সদস্য রাসেল আহমেদ খানের বাবা শফিউদ্দিন খান ও ফজলে হোসেন বাদশাসহ অন্যান্য নেতারা।

২৮ অক্টোবরের ঘটনাবলীকে সহিংসতা নয়, গণপ্রতিরোধের অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করে মেনন বলেন, বাংলাদেশের মানুষকে গত পাঁচ বছর অনবরত সহিংস ঘটনা দেখতে হয়েছে।

তিনি বলেন, বাংলাভাইয়ের নেতৃত্বে সাধারণ মানুষকে ঝুলিয়ে হত্যা করা, গ্রেণেড হামলা ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টার মতো নৃশংস ঘটনাও দেখতে হয়েছে।

নিহত রাসেল আহমেদ খানের বাবা শফিউদ্দিন খান যশোরের বাঘার পাড়ার সাধারণ কৃষক। তিনি সংবাদ সম্মেলনে তার একমাত্র উপার্জনক্ষম ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

বিমল বিশ্বাস বলেন, ১৪ দলের ১১ দফা দাবি না মানলে বাংলাদেশে কোন গ্রহনযোগ্য নির্বাচন হবে না। জনগনও সেই নির্বাচনে অংশ নিবে না।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ৩০ অক্টোবর রাজশাহীতে সংগঠনের পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশার প্রাননাশের জন্য জামায়াত-শিবির চক্র তার ওপর সরাসরি বোমা নিক্ষেপ করে।