এরশাদ ৪ দলীয় জোটে না যাওয়ায় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে জাপা: কাদের
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের সোমবার বলেছেন, তাঁর ভাই এবং দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ চারদলীয় জোটে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় দল এক ভয়াবহ দুর্যোগের হাত থেকে রক্ষা পেয়েছে এবং এরশাদ নিজেকেও সঠিক রাজনীতিতে ফিরিয়ে এনেছেন।
সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জিএম কাদের একথা বলেন।
কাদের বলেন, জোটে যোগ না দেওয়ার ব্যাপারে জাতীয় পার্টির সংসদীয় দলের সোমবারের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিষয়টি একটি যৌক্তিক পরিণতিতে পৌঁছেছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলে জাতীয় পার্টির যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এ প্রশ্নের উত্তরে কাদের বলেন, তাঁর দল এ ধরনের কোন অঙ্গীকার করেনি।
সংসদের ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জাতীয় পার্টি প্রস্তুতি নেবে বলে এরশাদ যে ঘোষণা দিয়েছেন সেসম্পর্কে মন্তব্য করতে গিয়ে কাদের বলেন, “এটা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। কিন্তু প্রকৃত সত্য হলো, এই মুহূর্তে দেশ দুটি ভাগে ভাগ হয়ে গেছে। একটি চারদলের পক্ষে, অন্যটি বিপক্ষে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আরও দেরিতে।”
ভাই এরশাদের সঙ্গে তাঁর যে সমস্যা চলছিল তার সমাধান হয়েছে কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আসলে আমাদের মধ্যে কোন শত্রুতাই ছিল না।”
