২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে তথ্য প্রমাণ হাজির করতে সাবেক ছাত্রদল নেতার আহ্বান

বিএনপি সমর্থক ছাত্রদলের সাবেক ছাত্রনেতারা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ না করে সঠিক তথ্য প্রমাণ হাজির করার আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 02:32 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে ছাত্রনেতাদের পক্ষে ডাকসুর সাবেক ভিপি বিএনপির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেন, “শেখ হাসিনা গলাবাজি ও মিথ্যাচার না করে তারেক রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ হাজির করুক।”

আমান বলেন, “দেশের মানুষ শেখ হাসিনাকে একবার জাতীয় বেঈমান বলেছে, এবার তাকে জাতীয় মিথ্যুক বলে উপাধি দেবে।” তিনি তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনার মিথ্যা অভিযোগ খন্ডন করে বক্তব্য রাখেন।

তিনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্রীয় সম্পত্তি গণভবন নিজের নামে লিখে নেওয়াসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিজীবন সম্পর্কে নানা মন্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন, ইলিয়াস আলী, মহিউদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাহবুবুল হক নান্নু প্রমুখ।

প্রসঙ্গত গত ৩ নভেম্বর পল্টন ময়দানে আওয়ামী লীগের ডাকা মহাসমাবেশে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ করেন তার পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।