বিটিভির খবরে শুধুই উপদেষ্টারা
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রোববার রাত আটটার খবরেও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের জন্যই অধিকাংশ সময় বরাদ্দ রাখা হয়।
প্রাইম টাইমের বাংলা খবরে শীর্ষ সংবাদ ছিল বঙ্গভবনে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের জন্য পাঁচ মিনিট বরাদ্দ রাখা হলেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টাদের সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারে ড. ইউনূসের দেওয়া প্রস্তাবগুলো প্রচারে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে বিটিভি।
বিটিভির খবরে দ্বিতীয় শীর্ষ সংবাদ ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক সংক্রান্ত।
খবরে তৃতীয় শীর্ষ সংবাদ ছিল রাষ্ট্রপতির সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ সংক্রান্ত। এ সংবাদের জন্য বরাদ্দ ছিল মাত্র ১ মিনিট।
এরপরই সংবাদে প্রাধান্য দেওয়া হয়েছে পাঁচ উপদেষ্টা এবং সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠকের বিষয়টিকে। পরপর এ সংক্রান্ত পাঁচটি সংবাদ প্রচার করা হয়েছে।
আন্তর্জাতিক ও খেলার সংবাদের জন্য বিটিভির রাত আটাটার সংবাদে বরাদ্দ ছিল মাত্র সাড়ে ছয় মিনিট।
মোট ২৫ মিনিটের সংবাদে রাজনৈতিক কর্মসূচির ব্যাপারে সমানভাবে সময় বরাদ্দের চেষ্টা করা হয়েছে। তবে এ খবরগুলো তেমন একটা গুরুত্ব পায়নি।
পুলিশ প্রধানের সংবাদ সম্মেলন, জেএমবি নেতাদের ডেথ রেফারেন্সের শুনানি এবং নির্বাচন কমিশন সচিবের সংবাদ সম্মেলনের বিষয়টি অন্যান্য ২৩টি খবরের সাথে সমানভাবে সম্প্রচার করা হয়েছে।
