বাগেরহাটে বিনা মামলায় আ. লীগ নেতা গ্রেফতার, প্রতিবাদে সোমবার আধাবেলা হরতাল
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা নকীব নজিবুল হক নজুকে (৪২) পুলিশ শনিবার গভীর রাতে শহরের বাসাবাটি এলাকার বাড়ি থেকে কোন মামলা বা ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করেছে।
রোববার দুপুরে নাশকতামূলক কর্মকাণ্ডের তৎপরতার অভিযোগ এনে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এই ঘটনার প্রতিবাদে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও যুবলীগ সকালে বাগেরহাট শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জেলা যুবলীগ হয়রানিমূলক এই গ্রেফতারের প্রতিবাদে সোমবার বাগেরহাট শহরে আধাবেলা হরতাল আহ্বান করেছে।
হয়রানিমূলক এই গ্রেফতারের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক ও সাধারণ সম্পাদক মীর্জা আযম। অনুরূপ বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
তারা অভিযোগ করেছেন, পুলিশ স্থানীয় বিএনপিকে খুশী করতে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিনা কারণে গ্রেফতার করছে। অন্যদিকে বিএনপির আশ্রয় পুষ্ট তালিকাভুক্ত সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার বিএনপিকে খুশী করার অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের গোপন তদন্তে নজুর বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর বাগেরহাটে সহিংসতা সৃষ্টির প্রমাণ মিলেছে। চিহ্নিত ও তালিকাভুক্ত কতিপয় সন্ত্রাসীর সাথেও তার সখ্য রয়েছে।
এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু অভিযোগ করেন, নজুর পরিবারের সদস্যদের নিয়ে রোববার সকালে তিনি থানায় গেলে পুলিশ তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে দেখা করতে দেয়নি।
তবে বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি তিনি জানেন না। তখন তিনি থানায় ছিলেন না।
