২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষমুহুর্তে অনুমোদিত প্রকল্পগুলো খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে সিপিডি

সরকারের মেয়াদ শেষ হওয়ার আগমুহূর্তে তাড়াহুড়ো করে অনুমোদন দেওয়া প্রকল্পগুলো পরীক্ষা করে দেখার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে প্রস্তাব রেখেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

প্রচলিত নিয়মানুযায়ী প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য সিপিডি রোববার অন্তবর্তীকালীন প্রশাসনের প্রতি এ আহ্বান জানায়।

সিপিডির নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য তার বক্তব্যে বেশকিছু অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার জন্যও তত্ত্বাবধায়ক সরকারের প্রতি অনুরোধ জানান।

দেবপ্রিয় জানান, অর্থনৈতিক খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনা থেকে খাতভিত্তিক সংস্কারের বিষয়গুলোর ওপর গবেষণামূলক প্রতিষ্ঠান সিপিডি আলোকপাত করেছে।

সিপিডি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জরুরিভিত্তিতে কিছু অর্থনৈতিক কার্যক্রম গ্রহণের বিষয় সনাক্ত করেছে।

সিপিডি কার্যালয়ে রোববার জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “সামগ্রিক অর্থনীতি স্থিতিশীল রাখতে তত্ত্বাবধায়ক সরকারকে দুটি কাজ করতে হবে– নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে এবং বিনিময় হারের অস্থিতিশীলতা নিুমাত্রায় রাখতে হবে।”

দেবপ্রিয় বলেন, “অর্থনৈতিক ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ হচ্ছে রাজস্ব আদায়, বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কর বাড়ানো।”

তিনি বলেন, “এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে তত্ত্বাবধায়ক সরকারকে ভ্যাট এবং আয়কর আদায়ের প্রবৃদ্ধি অব্যাহত রাখতে হবে এবং আর্থিক ভারসাম্য জোরদার করতে রাজস্ব আয়ের নতুন নতুন খাত চিহ্নিত করবে।”

তিনি মন্তব্য করেন, “বাজেট ঘাটতি কমিয়ে আনা তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। রাজস্ব আয় বাড়ানোর মাধ্যমে তা করতে হবে। এজন্য বিশেষ করে আরও বেশি শুল্ক আরোপ, ব্যয় কমানো, সরকারের ঋণ কমানো এবং বিদেশি অর্থায়ন বাড়াতে হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থাপিত প্রস্তাবনায় আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যের ওপর কড়া নজর রাখার ব্যাপারে আলোকপাত করা হয়।

এছাড়া এতে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আটকে থাকা প্রকল্প সাহায্য ছাড় করা এবং বাজেট বরাদ্দ পাওয়ার ব্যাপারে অগ্রগতি আনতে হবে বলেও উল্লেখ করা হয়।

নির্বাচন সংশ্লিষ্ট পদক্ষেপের ব্যাপারে সিপিডির পর্যবেক্ষণে দেখা যায়, প্রচলিত নিয়মানুযায়ী নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা প্রমাণ করতে প্রার্থীদের কেন্দ্রীয় ব্যাংকের ‘ক্লিন’ রিপোর্ট পাওয়ার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে প্রতিকূল রিপোর্ট পাওয়ার পরও হাইকোর্টের স্থগিত আদেশের মাধ্যমে তারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়।

এ অবস্থায় স্থগিত আদেশের পরিবর্তে এসব মামলার দ্রুত নিষ্পত্তির জন্য দুটি আলাদা বেঞ্চ গঠনে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতির কাছে অনুরোধ রাখতে পারে।

সিপিডির একজন প্রতিনিধি রোববার বিকেল ৩ টায় তাদের এ প্রস্তাবনা অর্থনীতি বিষয়ক উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সিপিডির গবেষণা পরিচালক মুস্তাফিজুর রহমান, খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন।