২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় রাষ্ট্রদূতদের সাক্ষাত

ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের ৮ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে সাক্ষাত করেন রোববার বঙ্গভবনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 07:51 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

সাক্ষাতকালে প্রধান উপদেষ্টা তাদের বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আলোচনা চলছে সব রাজনৈতিক দলের সঙ্গেও ।

প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়ে কূটনীতিকদের বলেন, সংবিধানের বাইরে কিছু করার নেই। এছাড়া আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর জন্যও তিনি কূটনীতিকদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রদূতরা সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে সহযোগিতা করা হবে বলে প্রধান উপদেষ্টাকে আশ্বাস দেন।

তারা বলেন, অতীতের মতো আগামীতেও তারা নির্বাচন পর্যবেক্ষক পাঠাবেন।

প্রতিনিধিদলে জার্মানী, ইউরোপীয় কমিশন, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, ইতালী ও নেদারল্যান্ডের রাষ্ট্রদূত এবং ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্স ছিলেন বলে এক বিবৃতিতে বলা হয়।