সিইসির অপসারণ নিয়ে সোমবার আলোচনা: আকবর আলী খান
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) অপসারণ ও নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ সোমবার আলোচনা করবেন।
অর্থ বিষয়ক উপদেষ্টা আকবর আলী খান রোববার তাঁর মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন।
আকবর আলী খান বলেছেন, “সিইসি এম এ আজিজ পদত্যাগ করতে রাজি আছেন কিনা তা জানতে একজন উপদেষ্টা এরই মধ্যে তাঁর সঙ্গে কথা বলেছেন”।
নির্বাচন কমিশনের অচলাবস্থা নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে আকবর বলেন, “সিইসি পদত্যাগ করতে চান না। একারণে সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে”।
সিইসি এম এ আজিজ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছিলেন, “তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা চাইলে তিনি পদত্যাগের বিষয়টি ভেবে দেখবেন”।
আকবর বলেন, “সিইসিকে নিয়ে কোন সিদ্ধান্তে আসার জন্য আইন বিশেষজ্ঞসহ সকল পক্ষের সঙ্গেই তত্ত্বাবধায়ক সরকার কথা বলবে। সিইসির পদটি সাংবিধানিক। কাজেই রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাও যদি তাকে পদত্যাগ করতে বলেন তারপরও তিনি তা মানতে বাধ্য নন”।
আকবর বলেন, “সবগুলো বিকল্প ভেবে দেখার পাশাপাশি আমরা তাকে পদত্যাগে রাজি করানোর চেষ্টাও চালিয়ে যাবো”।
সিইসি এম এ আজিজ ও তিন নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল গত কয়েক মাস ধরেই দাবি জানিয়ে আসছে।
প্রসঙ্গত, বিভিন্ন পর্যায়ের চাপ সত্ত্বেও প্রধান নির্বাচন কমিশনার এখন পর্যন্ত পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল রয়েছেন।
