আজিজকে দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: আকবরকে আ. লীগ নির্বাচন পরিচালনা কমিটি
আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটি অর্থ উপদেষ্টা আকবর আলী খানকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজকে দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের ১০ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কর্মসূচির অংশ হিসেবে রোববার অর্থ মন্ত্রণালয়ে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা আকবর আলী খানের সঙ্গে সাক্ষাত করে।
কমিটির নেতৃত্ব দেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আওয়ামী লীগের উপদেষ্টা আবুল মাল আবদুল মুহিত। এছাড়াও আসাদুজ্জামান নূর, সাবেক সচিব ফারুক চৌধুরী ও মোজাম্মেল হক তার সাথে ছিলেন।
উপদেষ্টার সাথে সাক্ষাতকালে আওয়ামী প্রতিনিধি দল তাদের দেওয়া ১১ দফা মেনে নেওয়ার বিষয়টি উপদেষ্টাকে স্মরণ করিয়ে দেন। এ সময় তাঁরা ভোটার তালিকার ত্রুটি বিচ্যুতি দূর করে নতুন ভোটার তালিকা প্রনয়নের দাবী জানান। সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারসহ নিরপেক্ষ নির্বাচন কমিশনার নিয়োগের দাবি জানান প্রতিনিধি দল। তা না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন প্রতিনিধি দলটি।
এর আগে অর্থ উপদেষ্টা আকবর আলী খানের সাথে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাত করেন এবং বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন।
প্রস্তাবনাগুলোর মধ্য রয়েছে, যেসব ব্যক্তি বিগত সরকার আমলে কালো টাকা সাদা করার সুযোগ পেয়েছেন তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হলে তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আকবর আলী খান বলেন,‘সিপিডির প্রস্তাবনাগুলো বিবেচনা করে দেখা হচ্ছে তবে এক্ষেত্রে বেশকিছু আইনগত জটিলতা রয়েছে। এই আইনগত জটিলতা খতিয়ে দেখার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কে নির্দেশ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তাবনা ভেবে দেখছেন বলে জানান আকবর আলী খান। এ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমার একার সিদ্ধান্ত নয় বরং ১০ উপদেষ্টার সাথে আলোচনা করতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজকে অপসারণের ব্যাপারে উপদেষ্টা বলেন, আমরা ভেবে দিখছি কি করা যায়।
