আবারো আজিজের পদত্যাগ দাবি করলেন জলিল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল শনিবার বলেছেন, জনগণের দাবি মেনে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজকে অবশ্যই পদত্যাগ করতে হবে।
জলিল ধানমণ্ডির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “জনগণের দাবি হচ্ছে সবচেয়ে বড় আইন।”
তিনি বলেন, জনগণের দাবির মুখে অতীতেও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের নজির আছে। সাংবিধানিক একটি পদে তিনি বহাল আছেন এ কথা প্রমাণ করতে গিয়ে সিইসি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন।
জলিল অভিযোগ করেন, হাওয়া ভবন এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয় পরিচালিত হচ্ছে। তিনি একজন নিরপেক্ষ প্রধান উপদেষ্টা নিয়োগ, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং প্রশাসনে ব্যাপক রদবদলের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বানও জানান।
বাংলাদেশ টেলিভিশনে দলীয় কার্যক্রম সম্প্রচারের ব্যাপারে তিনি বলেন, জোট সরকারের অনুগতরাই এখনও টেলিভিশন প্রশাসনে কর্তৃত্ব করছে।
তিনি একুশে টেলিভিশনকে পুনরায় অনুষ্ঠান সম্প্রচারের অনুমিত দেওয়ার দাবি জানান।
এছাড়া তিনি ‘গণবিরোধী এবং পক্ষপাতমূলক’ বক্তব্যের জন্য তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিচারপতি ফজলুল হকের অপসারণ দাবি করেন।
একই সাথে তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল এবং সি এম শফি সামির পদত্যাগের ব্যাপারে বিএনপি যে দাবি জানিয়েছে তার বিরোধীতা করেন। প্রধান উপদেষ্টার ‘নির্দেশেই’ তারা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন বলে জলিল জানান।
