২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসির পদত্যাগের গুঞ্জনে কমিশনে উৎকণ্ঠা

রাষ্ট্রপ্রতি ও তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে দেওয়া শেখ হাসিনার সাতদিনের আল্টিমেটামের প্রথমদিন শনিবার দিনভর নির্বাচন কমিশন সচিবালয়ে ছিল উদ্বেগ-উৎকণ্ঠা। আল্টিমেটামের মধ্যে প্রধান নির্বার্চন কমিশনার (সিইসি) বিচারপতি এম এ আজিজের পদত্যাগসহ নির্বাচন কমিশন সংস্কারের বিষয়টিও রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 04:42 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

সকাল থেকেই বিপুল সংখ্যক সাংবাদিক কমিশন সচিবালয়ে ভীড় জমান। খোদ কমিশনের কর্মকর্তারাই সাংবাদিকদের কাছে জানতে চান, সিইসি কি সত্যি সত্যিই পদত্যাগ করছেন?

নির্বাচন ঘনিয়ে আসায় ভোটার তালিকা ছাপার কাজ তদারকি করছেন যে সব কর্মকর্তা, তারা ছুটির দিন শনিবারও যথারীতি অফিস করেন।

উপদেষ্টারা সিইসিকে পদত্যাগের অনুরোধ জানাতে তার বাসায় যেতে পারেন, এই গুঞ্জন শুনে সাংবাদিকরাও ছুটে যান তার সার্কিট হাউজ রোডের বাসায়। কিন্তু শেষ পর্যন্ত এমন কিছু ঘটেনি।

বেলা ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সিইসির বাসায় সাক্ষাত করেন অতিরিক্ত নির্বাচন কমিশন সচিব মোহাম্মাদ জকরিয়া। পরে তিনি টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, নির্বাচনের সময় খুব কম বলেই তিনি দাপ্তরিক কাজে পরামর্শ নিতে সিইসির বাসায় গিয়েছিলেন।

দুই উপদেষ্টা সিইসিকে পদত্যাগ করার অনুরোধ করেছেন বলে যে গুজব রটেছে, সে বিষয়ে অতিরিক্ত সচিব বলেন, এর আদৌ কোনো সত্যতা নেই। সিইসি তো একাধিকবার সাংবাদিকদের বলেছেন, তার পদটি সাংবিধানিক। তিনি সংবিধান রক্ষা করেই নির্বাচনের কাজ করছেন।

এদিকে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, রাষ্ট্রপতি তাকে ডেকে ভোটার তালিকা ছাপার কাজ বন্ধ রাখার অনুরোধ করেছেন বলে যে গুজব রটেছে তারও কোনো সত্যতা নেই । তিনি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে তাঁর সাক্ষাত বা এ বিষয়ে কোনো কথাই হয়নি।