রাষ্ট্রপতির প্রতি ড. কামালের হুঁশিয়ারি
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বিগত জোট সরকারকে ‘ছায়া সরকার’ উল্লেখ করে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ‘আপনি অবিলম্বে নিরপেক্ষ একজনকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দিন। অন্যথায় এই ছায়া সরকার আপনাকে মেরে ফেলবে। এটিই আপনার বাঁচার একমাত্র পথ।’
শুক্রবার ১৪ দল আহুত পল্টন ময়দানের জনসমাবেশে ড. কামাল একথা বলেন।
ড. কামাল বলেন, ‘দলীয় রাষ্ট্রপতি নিরপেক্ষ কাউকে প্রধান উপদেষ্টা না বানিয়ে নিজেই প্রধান উপদেষ্টা হয়েছেন। এটি একটি হাস্যকর ব্যাপার।’ তিনি বলেন, ‘রাষ্ট্রপতি একজন অসুস্থ মানুষ; ঊনার জন্য মায়া লাগে। আমি দেশবাসীকে অনুরোধ করবো, আপনারা মহামান্য রাষ্ট্রপতির জন্য দোয়া করুন-ঊনি যেন মারা না যান।’
ড. কামাল আরো বলেন, পাঁচ বছর দেশে একটি অশুভ শক্তি জনগণের কাঁধের ওপর চেপে বসেছিল। সন্ত্রাস, জঙ্গিবাদ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি দিয়ে অশুভ শক্তিটি জনগণকে শোষণ করেছে। তারা লুটপাট করেছে হাজার হাজার কোটি টাকা। এবারো নির্বাচনে এই শক্তিটি অস্ত্র, কালো টাকা ও পেশী শক্তি ব্যবহার করতে চায়।
তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধানে জনগণকে দেশের মালিক করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যার পর সেই মালিকানা বেদখল হয়েছে। সেই থেকে আন্দোলন চলছে জনগণকে আবার দেশের মালিক বানানোর।
সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়ে এখন যেটুকু করছেন, সেটা ‘আই ওয়াশ। তাকে নিরপেক্ষতার সাক্ষর দিতে হলে অবিলম্বে নির্বাচন কমিশন ঢেলে সাজাতে হবে। অপসারণ করতে হবে প্রধান নির্বাচন কমিশনার, অপর তিন কমিশনার, কমিশন সচিব এবং দলীয় ক্যাডার ৩০০ নির্বাচন কর্মকর্তাকে। এই নির্বাচন কমিশন দিয়ে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে না।’
তিনি বলেন, ‘আমরা সাংবিধানিক পন্থায় শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। কিন্তু ২৮ অক্টোবর আমাদের কর্মসূচির দিনে বিএনপি ও জামায়াত পাল্টা কর্মসূচি দিয়ে সহিংসতা করা হয়েছে। হত্যা করা হয়েছে আমাদের ২৩ জন কর্মীকে।’
মহাসমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মোহাম্মদ নাসিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, গণতান্ত্রিক পার্টির নূরুল ইসলাম প্রমুখ।
