২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবাজ ও চোরদের পাহারা দেবেন না: সশস্ত্র বাহিনী, পুলিশ ও র‌্যাবের প্রতি শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীসহ পুলিশ ও র‌্যাব সদস্যদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

শুক্রবার পল্টনে ১৪ দলের মহাসমাবেশে তিনি বলেন, পাঁচ বছরে যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের পাহারা দেওয়া আপনাদের কাজ না।

‘আমরা ক্ষমতায় গেলে যোগ্যতা ও জ্যেষ্ঠতা অনুযায়ী সশস্ত্র বাহিনী, র‌্যাবসহ প্রশাসন পরিচালনা করবো। কোনোরকম দলীয়করণ করা হবে না,’ শেখ হাসিনা বলেন।

নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি প্রশ্ন রেখে হাসিনা বলেন, ‘চোরদের পাশে আপনারা কেন দাঁড়াবেন? ওদের রক্ষা করা আপনাদের দায়িত্ব না। আমি প্রশ্ন করি, ওদের পাহারা দিয়ে আপনাদের লাভ কী ?’

তিনি বলেন, ‘গত পাঁচ বছরে এরা চুরি করেছে, দ্রব্যমূল্য বাড়িয়েছে, বিদ্যুত সেক্টর নিয়ে দুর্নীতি করেছে। এদের পাহারা দেবেন না।’

পুলিশ বাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যদের সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে কারও সংসারে অভাব থাকবে না।

উল্লেখ্য, চারদলীয় জোট ক্ষমতায় গিয়ে সন্ত্রাস দমনের জন্য ২০০৪ সালের ২৬ মার্চ বিভিন্ন বাহিনী থেকে প্রেষণে লোক এনে এলিট ফোর্স ‘র‌্যাব’ গঠন করে। সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা ছাড়াও এই বাহিনীর সদস্যদের ৫০ শতাংশেরও বেশি ঝুঁকি ভাতা প্রদান করা হয়।

র‌্যাব গঠনে সরকার আন্তরিক হলেও পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর ব্যাপারে বড় ধরনের কোনো উদ্যোগ নেয়নি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট। ফলে পুলিশের ভেতরে দেখা দেয় ক্ষোভ, অসন্তোষ। এ ছাড়া সিভিল প্রশাসন, এমনকি সশস্ত্র বাহিনীতেও যোগ্যতা ও জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতি দেওয়ার অভিযোগ ওঠে বিএনপির বিরুদ্ধে।

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার নিরপেক্ষতা প্রমাণ এবং নির্বাচন কমিশন সংস্কারসহ ১১ দফা দাবির স্বপক্ষে জেলহত্যা দিবসে ডাকা এই মহাসমাবেশে ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।