রাষ্ট্রপতিকে শুক্রবার দুপুরের মধ্যেই নিরপেক্ষতা প্রমাণ করতে হবে: ১৪ দল
পল্টনে সমাবেশ শুরুর আগেই শুক্রবার দুপুরের মধ্যে রাষ্ট্রপতি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদকে অবশ্যই তার নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট বৃহস্পতিবার এ দাবি জানিয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল দলের ধানমন্ডি কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “আমরা রাষ্ট্রপতিকে বলেছিলাম অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে আপনি ব্যর্থ হলে, আমরা জনগণের কাছে যাব।”
কিন্তু কোন পদক্ষেপগুলো রাষ্ট্রপতির নিরপেক্ষতা প্রমাণ করতে পারে জলিল তা সুনির্দিষ্টভাবে বলেননি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ১৪ দলীয় জোটের কয়েক নেতাকে নিয়ে তাদের ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতিকে তাগিদ দিতে বৃহস্পতিবার বিকেলে তার সঙ্গে দেখা করেন। জেল হত্যা দিবস পালন উপলক্ষ্যে আওয়ামী লীগ শুক্রবার বিকেলে পল্টনে এক সমাবেশের আয়োজন করেছে।
এর আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, রাষ্ট্রপতি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ৩ নভেম্বরের মধ্যে তার নিরপেক্ষতা প্রমাণ করতে ব্যর্থ হলে বিরোধী দলীয় জোট পল্টনের সমাবেশ থেকে নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।
একটি প্রজ্ঞাপণের মাধ্যমে রাষ্ট্রপতিকে সব রাজনৈতিক নিয়োগ বাতিল করতে হবে বলে ১৪ দল দাবি জানিয়েছে।
জলিল অভিযোগ করেন, চুক্তিভিত্তিক নিয়োজিত যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী, ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনার এবং আইন সচিব সাবেক বিএনপি সরকারের পক্ষে কাজ করে যাচ্ছেন।
এছাড়া বিতর্কিত স্বরাষ্ট্র ও সংস্থাপন সচিবকে অবিলম্বে বদলি করারও দাবি জানান তিনি ।
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার বিবৃতির জবাবে জলিল বলেন, আওয়ামী লীগ কেএম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে মানতে রাজী হলে এমএ আজিজকে অপসারণ করা হবে বলে সংলাপ চলাকালে বিএনপি মহাসচিব একাধিকবার প্রস্তাব দিয়েছিলেন।
তার নেত্রী খালেদা জিয়াকে সন্তুষ্ট করার জন্য মান্নান ভূইয়া মিথ্যা কথা বলে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছেন বলেও জলিল অভিযোগ করেন।
বিচারপতি ফজলুল হককে সীমা অতিক্রম না করার জন্যও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সতর্ক করে দেন।
তিনি বলেন, বিচারপতি ফজলুল হক নির্বাচিত নন, একজন মনোনীত ব্যাক্তি এবং তাকে পর্যবেক্ষন করার অধিকার জনগণের রয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপিই নির্বাচন বানচালের চেষ্টা করছে। কারণ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাসী।
জলিল বলেন, আমরা একজন রাজনৈতিক রাষ্ট্রপতিকে অরাজনৈতিক করার চেষ্টা করছি। কিন্তু বিএনপি তাকে রাজনৈতিক করার চেষ্টা চালিয়েই যাচ্ছে।
সব সরকারি দপ্তর থেকে অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি নামিয়ে ফেলারও দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমীর হোসেন আমু, তোফায়েল আহম্মেদ, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সুরঞ্জিত সেন গুপ্ত এবং বেগম মতিয়া চৌধুরী।
সংবাদ সম্মেলনের আগে ১৪ দলীয় জোট নেতৃবৃন্দ দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
