দূর্নীতির শ্বেতপত্রকে ভিত্তিহীন দাবি করেছে রাবি প্রশাসন
বিধি বহির্ভূতভাবে প্রশাসনিক কাজ পরিচালনা, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং দলীয় রাজনীতি চর্চা নিয়ে প্রগতিশীল শিক্ষক সমাজ প্রকাশিত শ্বেতপত্রকে ভিত্তিহীন দাবি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উপাচার্য লাউঞ্জে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. আলতাফ হোসেন শ্বেতপত্রে প্রকাশিত সকল অভিযোগকে মিথ্যা দাবি করেন।
তিনি বলেন, বিরোধীরা নিজেদের অযোগ্যতা ও ব্যর্থতাকে আড়াল করার উদ্দেশ্যে এই অভিযোগ তুলেছেন।
তিনি আরো দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও ১৯৭৩ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী ও যথাযথ কমিটি গঠনের মাধ্যমে নিয়োগসহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
তবে কোন কোন বিভাগে ২টি পদের বিপরীতে ৮/৯ জন করে শিক্ষক নিয়োগ দেয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, বর্তমানে তা বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক আব্দুস সোবহান বলেন, বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া সকল সত্য ঘটনার আলোকেই শ্বেতপত্রটি প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য ২০ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ বিধি বহির্ভূতভাবে প্রশাসনিক কাজ পরিচালনা, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অন্ধ দলীয় রাজনীতির চর্চা নিয়ে ‘শ্বেতপত্র ২০০১-২০০৬’ প্রকাশ করে।
