২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগ্ম ও উপ সচিবসহ মাঠ প্রশাসনে রদবদল, রোববার থেকে ব্যাপকভাবে

তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার পর শুরু হওয়া প্রশাসনিক রদবদলের ধারাবাহিকতায় বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপ সচিবসহ মাঠ প্রশাসনে বেশকিছু রদবদল করা হয়েছে। আগামী রোববার ব্যাপকভাবে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানোর কাজ শরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবসহ (নিয়োগ, পদায়ণ ও প্রেষণ) পাঁচ যুগ্ম সচিব, তিন উপসচিব এবং মাঠ প্রশাসনের ২১ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদে রদবদল আনা হয়েছে।

সংস্থাপন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলির আদেশের জারি করা হয়।

এছাড়া বিদায়ী সরকারের সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জনসংযোগ কর্মকর্তার (পিআরও) দায়িত্ব পালনকারী তথ্য মন্ত্রণালয়ের ১৭ সিনিয়র কর্মকর্তারও দপ্তর পুনর্বন্টন করা হয়েছে।

সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, প্রশাসনে আরো ব্যাপক রদবদল করা হবে। এ ব্যাপারে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে সরকারি ছুটির কারণে শুক্র ও শনিবার কোন আদেশ জারি করা হবে না। রোববার থেকেই শুরু হবে এসব রদবদল।

তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিযুক্ত প্রায় ২৫ কর্মকর্তার চুক্তি বাতিল করা হবে।

নির্বাচনে গুরুত্বপূর্ণ নয়, এমন দপ্তরগুলোর বিভিন্ন পদে কেউ চুক্তিতে নিয়োজিত থাকলেও তা বিবেচনায় আনা হবে না বলে তিনি জানান।

সংস্থাপন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ওই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (এপিডি) হাফিজুর রহমান ভূঞাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে, জাতীয় পুষ্টি প্রকল্পের নির্বাহী পরিচালক আবুল কাশেম মিয়াকে সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খুরশিদা খাতুনকে অর্থ বিভাগের যুগ্ম সচিব এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুশফিকুর রহমানকে জাতীয় পুষ্টি প্রকল্পের নির্বাহী পরিচালক করা হয়েছে।

একই সাথে সংস্থাপন মন্ত্রণালয়ের বদলির আদেশাধীন যুগ্ম সচিব আবুল হুসেন মিয়ার বদলির আদেশ বাতিল করা হয়েছে।

সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি উপসচিব শফিকুজ্জামানকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবের একান্ত সচিব এবং ওএসডি উপসচিব আবু সাঈদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয় ও শাহ ইমদাদুল হককে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উপসচিব করা হয়েছে।

এদিকে রংপুরের সিনিয়র সহকারি কমিশনার এএনএম মঈনুল ইসলামকে মাগুরার মোহাম্মদপুরে, মাগুরার মোহাম্মদপুরের ইউএনও বিধায়ক রায় চৌধুরীকে সিরাজগঞ্জ কাজীপুরে, রাঙ্গামাটির কাউখালীর ইউএনও কামরুল আলমকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, কক্সবাজারের উখিয়ার ইউএনও মাসুদ করিমকে রাঙ্গামাটির বরকলে, বরকলের ইউএনও মতিউর রহমানকে কাউখালীতে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব এমদাদুল হক চৌধুরীকে কক্সবাজারের উখিয়ায়, পাবনার ঈশ্বরদীর ইউএনও আবু বকর সিদ্দিককে পাবনার চাটমোহরে এবং সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব গৌতম কুমারকে ঈশ্বরদীর ইউএনও করা হয়েছে।

কুড়িগ্রামের রাজিবপুরের ইউএনও তরুন কান্তি সিকদারকে একই জেলার রাজারহাটে, ঠাকুরগাঁওয়ের রাণীসংকৈলের ইউএনও আবুল খায়ের মো. আমিনুর রহমানকে রাজিবপুরে, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব হাসান আরিফকে ঠাকুরগাঁওয়ের হরিপুরে, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব রুপম আনোয়ারকে বগুড়ার শেরপুরে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ আব্দুল লতিফকে চাঁপাই নবাবগঞ্জ সদরে, অর্থ বিভাগের সিনিয়র সহকারি সচিব আমিনুর রহমানকে ভোলার মনপুরায়, রাজশাহীর বাঘার ইউএনও সারোয়ার জাহানকে একই জেলার গোদাগাড়ীতে এবং মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব খন্দকার রুহুল আমীনকে বাঘার ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মফিজ উদ্দিন আহমেদকে রাঙ্গামাটির নানিয়ারচরে, সুনামগঞ্জ সদরের ইউএনও জাহাঙ্গীর আলমকে পাবনার ফরিদপুরে, বিজ্ঞান এবং যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব ফিরোজ সরকারকে সুনামগঞ্জ সদরে, কুমিল্লার চান্দিনার ইউএনও কাজী আশরাফউদ্দিনকে জামালপুর সদরে এবং জামালপুর সদরের ইউএনও ইউসুফ আলী মোল্লাকে শেরপুরের শ্রীবর্দীর ইউএনও করা হয়েছে।