প্রশাসনে ব্যাপক রদবদল আনুন, নয়তো নতুন কর্মসুচি: ১৪ দল
প্রশাসনে ‘ব্যাপক রদবদল’ না আনলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট শুক্রবার পল্টন ময়দানের সমাবেশ থেকে নতুন করে প্রতিবাদ কর্মসূচি দেবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে ১৪ দলের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে সাক্ষাৎ করে এ দাবি জানান।
সম্প্রতি প্রশাসনে যে রদবদল করা হয়েছে তাকে ‘যথেষ্ট নয়’ বলে অভিহিত করেছে ১৪ দল।
ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে সাক্ষাৎ শেষে জলিল সাংবাদিকদের বলেন, প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজের অপসারণ এবং নির্বাচন কমিশন পুনর্বিন্যাসসহ অন্যান্য দাবি বাস্তবায়নের জন্য তারা রাষ্ট্রপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে অনুরোধ জানিয়েছেন।
১৪ দলের প্রতিনিধিরা ভোটার তালিকা হালনাগাদ ও মুদ্রণ আদেশ বাতিল এবং সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার ছবি স্থাপনের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নেরও দাবি জানান।
জলিল বলেন, “আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে সাম্প্রতিক প্রশাসনিক রদবদল যথেষ্ট নয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য চুক্তিভিত্তিক সব নিয়োগ অবশ্যই বাতিল করতে হবে।”
জলিল রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকার সব ধরনের পদক্ষেপ নেবে বলে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তাদের প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন আমির হোসেন আমু, নূরুল ইসলাম, আবুল মাল আব্দুল মুহিত, ফারুক এ চৌধুরী এবং এইচ টি ইমাম।
