পদত্যাগের দাবি নাকচ করে দিলেন ফজলুল হক
তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিচারপতি ফজলুল হক তার পদত্যাগের জন্য দেশের শীর্ষ আইনজীবীদের দাবি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি কোনো শপথ ভঙ্গ করিনি। কারো প্রতি বিরাগভাজনও হইনি। যারা আমার পদত্যাগ দাবি করছেন, আমি আগে তাদেরই পদত্যাগ দাবি করছি।’
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের চেম্বারে বিচারপতি ফজলুল হক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীরুল ইসলামসহ নেতৃবৃন্দ তাঁর পদত্যাগ চেয়েছেন বলে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ড. কামাল হোসেন যদি আমার পদত্যাগ চেয়ে থাকেন, তবে আগে তিনি গণফোরাম থেকে পদত্যাগ করুন। সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতির পদ থেকে ব্যারিস্টার আমীর পদত্যাগ করুন। আমি এমন কোনো কাজ করিনি যে পদত্যাগ করতে হবে।’
তিনি বলেন, ‘সাভারে গিয়ে আমি কারো বিরুদ্ধে বলিনি। যেটা বাস্তব সেটাই বলেছি। ওই বক্তব্যে নিরপেক্ষতা অথবা পক্ষতার প্রমাণ তারা কিভাবে পেলেন। আমি কখনো কারো পক্ষে কাজ করিনি।’
বিচারবিভাগ পৃথককরণ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামী গণতান্ত্রিক সরকারের আমলেই বিচার বিভাগ পৃথক হয়ে যাবে। আমি জানি ইতোমধ্যে পৃথক করার কাজ প্রায় হয়ে গেছে।’
তত্ত্বাবধায়ক সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে বিচার বিভাগ পৃথক করবেন কিনা জানতে চাইলে তিনি ‘না’ সূচক জবাব দিয়ে বলেন, এরকম কাজ অধ্যাদেশ জারির মাধ্যমে হয় না।
আইনসহ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফজলুল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কাজ হচেছ-দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা। এ ছাড়া আইন-শৃঙ্খলা শান্তিপূর্ণ অবস্থায় রাখার বিষয়টি আমরা এখন সবচেয়ে বড় কাজ হিসেবে দেখছি। একটি সরকার চলে যাওয়ার সময়ে দেশে এক অরাজক পরিস্থিতি ও সহিংসতা সৃষ্টি করা হয়েছিল, যা দুঃখজনক। মানুষকে যেভাবে পিটিয়ে মারা হয়েছিল তাতে বিদেশে দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে বিনষ্ট হয়েছে।
তিনি আইন-শৃঙ্খলা ভাল রাখতে গণমাধ্যম, সুশীল সমাজসহ সকল মহলের সহযোগিতা চান।
