২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যয়ী উপদেষ্টারা

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা বৃহস্পতিবার দায়িত্ব নিয়েই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ঘোষণা করেছেন। বুধবার রাতে দপ্তর ঘোষণার পর বৃহস্পতিবারই প্রথম তারা কাজ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 06:07 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে বৃহস্পতিবার আট উপদেষ্টার কাছে গেলে তারা সবাই এ মন্তব্য করেন। উপদেষ্টাদের মধ্যে আকবর আলী খান ও আজিজুল হক সিইসি এম এ আজিজের সরে যাওয়ার পক্ষে অবস্থান নেন। বিচারপতি ফজলুল হক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বিচার বিভাগ পৃথক করা সম্ভব নয়। ঢাকাকে বাসযোগ্য করতে চেয়েছেন ধীরাজ কুমার নাথ, শফি সামি। সব মন্ত্রণালয়কে সমান গুরুত্ব দেওয়ার কথা এবং কম সময়ে বেশি কাজ করার কথা বলেছেন মাহবুবুল আলম। সমস্যা থাকলেও জাতির প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার কথা বলেছেন ডা. সুফিয়া রহমান।

সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে নয় উপদেষ্টাই নিজ নিজ দপ্তরে হাজির হন। এর মধ্যে উপদেষ্টা সুলতানা কামাল মতিঝিলের শিল্প মন্ত্রণালয়ে এবং অন্য আটজন সচিবালয়ে তাদের কাজ শুরু করেন। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বেগম ইয়াসমিন মুর্শেদ সকালে সচিবালয়ে অনুপস্থিত ছিলেন। তবে তিনি বঙ্গভবনে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে নিজ দপ্তরে আসেন। এ সময় তারা সংশি¬ষ্ট দপ্তরের সকল সচিবকে ডেকে তাদের সাথে বৈঠক করেন।

এসব বৈঠকে তারা সংশি¬ষ্ট সচিবদের তিন মাসের কাজের পরিকল্পনা তৈরি করার নির্দেশ দেন। যেন তিন মাস নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি মন্ত্রণালয়গুলোর স্বাভাবিক কাজকর্ম চালিয়ে নিতে পারেন।

বৈঠক শেষে সাংবাদিকদের দেয়া প্রতিক্রিয়ায় উপদেষ্টাদের প্রায় সকলেই বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানই তাদের প্রধান কাজ। নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি রুটিন কাজকর্মও চালিয়ে নেয়া হবে।

সিইসির সরে যাওয়া উচিত: আকবর আলী খান

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) অপসারণসহ নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে অন্য উপদেষ্টারা সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করলেও অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আকবর আলী খান সিইসির সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেন।

ড. খান বলেন, ‘রাজনৈতিক দলগুলো আগামী ৩ নভেম্বর পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করতে চেয়েছে, এটা ঠিক হবে না। তাদের উচিত সরকারের ৯০ দিনের কর্মকান্ডই পর্যবেক্ষণ করা। কারণ আমরা অনির্বাচিত সরকার। তাদের পর্যবেক্ষণ থাকলে আমাদের পক্ষে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া সহজ হবে’।

দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে ড. খান জোর দিয়ে বলেন, সিন্ডিকেটের সাথে কেউ থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়নের জন্য সরকার বেশকিছু পদক্ষেপ নেবে। যাতে পরবর্তী সরকার এসে একটি সুস্থ ও গতিশীল অর্থনীতি পায়।

সিইসিকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা যেতে পারে: আজিজুল হক

স্থানীয় সরকার উপদেষ্টা আজিজুল হক তাঁর কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘এমএ আজিজের বিষয়ে সাংবিধানিকভাবেই পদক্ষেপ নিতে হবে। এটা এককভাবে হবে না, এটা সকলকে নিয়েই করতে হবে। আর আমরা আজিজকে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে অপসারণ করতে পারি না, এক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে। আমরা তাকে সরে যাওয়ার জন্য অনুরোধ করতে পারি।’

ফজলুল হক বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হবে নিজেদের দুর্নীতিমুক্ত রাখা। এ বিষয়ে কর্মকর্তাদেরও নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করতে হবে।’

বিচার বিভাগ পৃথক করবে না এ সরকার:ফজলুল হক

আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা বিচারপতি ফজলুল হক তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠূভাবে নিয়ন্ত্রণ করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠানই আমাদের কাজ। এজন্য সকল পদক্ষেপ নেয়া হবে।

বিচার বিভাগ পৃথক করতে সরকার কোন উদ্যোগ নেবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার নতুন আইন প্রণয়ন, অধ্যাদেশ জারী বা অন্য কোন নীতি-নির্ধারণী বিষয়ে উদ্যোগ নেবে না।

দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না: হাসান মশহুদ চৌধুরী

যোগাযোগ ও বিদ্যুত উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী তাঁর যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার এমন কোন উদ্যোগ নেবে না, যাতে বেশি সময় ব্যয় হয় বা মুখ্য উদ্দেশ্য নির্বাচন অনুষ্ঠান ব্যাহত হয়। তবে শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে তিন মাসের কর্মপরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। আগামী রোববার থেকে ওই পরিকল্পনা নিয়ে কাজ চালিয়ে যাওয়া হবে।

তিনি বলেন, দেশে দুর্নীতি রয়েছে, এটা দেশের মানুষসহ সকলেই জানে। দুর্নীতিতে কোন্ মন্ত্রণালয় প্রথম বা কোন্ মন্ত্রণালয় দ্বিতীয় তার বিচার না করে এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হবে আমি দুর্নীতি করছি কিনা বা প্রশ্রয় দিচ্ছি কিনা তা নিশ্চিত করা।

সব মন্ত্রণালয় সমান গুরুত্ব পাবে: শফি সামি

কৃষি ও সংস্কৃতি উপদেষ্টা সিএম শফি সামি বলেন, উপদেষ্টাদের মূল দায়িত্ব হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে সহায়তা করা। এর সাথে দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। তবে সুদূরপ্রসারী প্রভাব পড়ে এমন কোন কাজ করা যাবে না। সকল মন্ত্রণালয়কে সমানভাবে গুরুত্ব দেয়া হবে।

ঢাকাকে বাসযোগ্য করতে হবে: ধীরাজ কুমার নাথ

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ধীরাজ কুমার নাথ তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে মন্ত্রণালয়ের যে ভাবমূর্তি বিনষ্ট হয়েছে তা ফিরিয়ে আনতে হবে। একই সাথে ঢাকা শহরকে বাসোপযোগী ও পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে হবে। কারণ ঢাকা শহর এখন একটি বস্তিতে পরিণত হয়েছে।

এজন্য ঢাকা ভাইভারশন সড়কসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

সময় কম বলে বেশি কাজ করতে হবে: মাহবুবুল আলম

তথ্য ও পানি সম্পদ উপদেষ্টা মাহবুবুল আলম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা দরকার, তা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন হবে। হাতে সময় কম আছে, তাই বেশি করে কাজ করতে হবে।

জাতির প্রত্যাশা পূরণ করতে হবে: ডা. সুফিয়া রহমান

অধ্যাপক ডা. সুফিয়া রহমান বলেছেন, ‘জাতির এখন আমাদের কাছে অনেক প্রত্যাশা। এর মধ্যে জাতির বড় দাবি হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। আমাদের অনেক সমস্যা রয়েছে, এর মধ্য থেকেই জাতির এ প্রত্যাশা পূরণে আমাদের কাজ করে যেতে হবে। এজন্য দেশের মানুষকে আমাদের সাথে থাকতে হবে।’