প্রধান উপদেষ্টার সাথে যুক্তফ্রন্ট ও জামায়াত নেতাদের সাক্ষাত
আ স ম আবদুর রব ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে যুক্তফ্রন্টের একটি প্রতিনিধি দল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
এ ছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে পৃথকভাবে সাক্ষাত করেছেন।
যুক্তফ্রন্ট প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে জানান, রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার পদ গ্রহণে তাদের সমর্থন আগে থেকেই ছিল। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টামন্ডলীর মধ্যে তিনজন মহিলা থাকায় নারী সমাজের প্রতি গণতান্ত্রিক শ্রদ্ধাবোধ ফুটে উঠেছে বলেও তারা মন্তব্য করেন। তারা এজন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।
প্রতিনিধি দলে ছিলেন অধ্যাপক মো. শফিক, সেকেন্দার আলী মণি, এডভোকেট ফজলুর রহমান, আব্দুল বাতেন চৌধুরী, কামাল উদ্দিন আহমেদ এবং ইকবাল সিদ্দিকী।
অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ যুক্তফ্রন্ট নেতৃবৃন্দকে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকার ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর নেতৃত্বে অপর একটি প্রতিনিধিদল বঙ্গভবনে প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে সাক্ষাত করেন।
রাষ্ট্রপতি জাতির এক গুরুত্বপূর্ণ মুহূর্তে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করায় প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।
দলীয় নেতা মকবুল আহমদ, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা মুহাম্মদ আবদুস সুবহান, মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা মুহাম্মদ আবু তাহের, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও মাওলানা রফিকুল ইসলাম খান প্রতিনিধিদলের সদস্য ছিলেন।
