সুষ্ঠু নির্বাচনে কূটনৈতিকদের সাহায্য চাইলেন জলিল
দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে বিদেশী কূটনীতিবিদদের সহযোগিতা চেয়েছে আওয়ামী লীগ।
বুধবার ঢাকার একটি হোটেলে কূটনৈতিক, উন্নয়ন ও দাতা সংস্থার প্রধানদের কাছে নির্বাচনী স্বচ্ছতা সম্পর্কে আওয়ামী লীগ নিজেদের অবস্থান তুলে ধরে এ সহযোগিতার আহ্বান জানায়।
এসময় দলীয় নেতারা আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে প্রভাব ফেলতে কোনও ধরনের পক্ষপাতমূলক কৌশলের ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারকে সতর্ক করে দেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল নির্বাচনে নিরপেক্ষ মনোভাবের প্রয়োজনীয়তার ব্যাপারে তাদের অবস্থান তুলে ধরেন। তিনি ১৪ দলীয় জোটের নেতা শেখ হাসিনার বিবৃতি পড়ে শোনান।
আব্দুল জলিল জানান, অসুস্থতার কারণে শেখ হাসিনা ব্রিফিংয়ে উপস্থিত থাকতে পারেননি।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব নিয়েছেন। শুক্রবার ১৪ দল তার কাছে যে ১১ দফা দাবি প্রদান করেছে তা বাস্তবায়নের মাধ্যমে তাকে অবশ্যই স্বাভাবিক পথ অনুসরণ করতে হবে।
বিবৃতিতে বলা হয়, এসব দাবি বাস্তবায়নে দ্বিধা, বিচ্যুতি অথবা অবজ্ঞা রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার আস্থা ও বিশ্বাসযোগ্যতা হারানো সমান হবে।
এখনো নিরপেক্ষতার ব্যাপারে বড় ধরনের কোনও প্রমাণ দিতে না পারায় আওয়ামী লীগ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সমালোচনা করে।
১৪ দলীয় জোটের দাবিগুলোর মধ্যে প্রধান নির্বাচন কমিশনারসহ অপর তিন নির্বাচন কমিশনারকে অপসারণের মাধ্যমে নির্বাচন কমিশন কাঠামো পুনর্বিন্যাস, প্রশাসনে দলীয় নিয়োগ বাতিল, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদকরণ এবং স্বচ্ছ ব্যালট বাক্স সংগ্রহের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
আওয়ামী লীগ আগামী সাধারণ নির্বাচনে অংশ নেবে কিনা সে ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার স্টিফেন ব্রিজেস, ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউশনের (এনডিআই) আবাসিক প্রতিনিধি ওয়েন লিপার্ট প্রশ্ন রাখেন।
শিগগিরই ১৪ দল রাজপথ দখলের মতো কোনও কর্মসূচি দেবে কিনা সে ব্যাপারেও তারা আগ্রহ দেখান।
তত্ত্বাবধায়ক সরকার তাদের প্রধান প্রধান দাবি বাস্তবায়নের ব্যাপারে পদক্ষেপ নিলে এ ধরনের কোনও সম্ভাবনা নেই বলে আব্দুল জলিল জানান।
তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ওইসব দাবি বাস্তবায়নের পদক্ষেপ অবশ্যই নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা একটি অনুকূল পরিবেশ চাই। আমরা সহিংসতার রাজনীতি করি না। আমি আপনাদের এ ব্যাপারে নিশ্চয়তা দিতে পারি। কিন্তু আমরা তো জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারি না।’
কূটনৈতিকদের ব্রিফিংয়ের পাশাপাশি আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, তারা দেশে কোনও ‘গৃহযুদ্ধ চান না’।
ব্রিফিংয়ে ড. কামাল হোসেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বাছাই করার ক্ষেত্রে সাংবিধানিক বিধিবিধান তুলে ধরেন।
নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার মাধ্যমে ‘রাষ্ট্রপতি যেভাবে দেশের সর্বোচ্চ আইন লঙ্ঘন’ করেছেন তাও বিশ্লেষণ করেন তিনি।
ব্রিফিংকালে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, ভারত, চীন, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, শ্রীলঙ্কা এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা ছাড়াও বাংলাদেশে নিযুক্ত এডিবি ও ইউএনডিপির প্রধানরা উপস্থিত ছিলেন।
