বিক্ষুব্ধদের পদোন্নতি ও পদায়নের বিষয়টি বিবেচনা করার সময় এসেছে: সংস্থাপন সচিব
সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরী বলেছেন, পদোন্নতি বঞ্চিত ও সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত বিক্ষুব্ধ কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়নের বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করার সময় এসেছে।
সংস্থাপন সচিবের কার্যালয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে সাক্ষাতের সময় এ বিষয়ে আলোচনা করেছি। তাদের বিষয়টি সহানুভুতির সাথে দেখা হবে। বিষয়টি বিক্ষুব্ধ কর্মকর্তাদেরও জানানো হয়েছে। অচিরেই এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের ব্যক্তিগত কর্মকর্তা ও স্টাফ নিয়োগের বিষয়টি চূড়ান্ত হওয়ার খবরকে তিনি আজগুবি ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন। তিনি বলেন, উপদেষ্টাদের ব্যক্তিগত কর্মকর্তা ও স্টাফ নিয়োগের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আমরা সংশ্লিষ্টদের নির্দেশনার অপেক্ষায় রয়েছি। এসব কর্মকর্তা নিয়োগের বিষয়টি তাঁদের পছন্দের ওপর নির্ভর করবে।
সচিবালয়ে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, কার নির্দেশে এটা করা হয়েছে, তা আমি নিজেও জানিনা। তবে সচিবালয়ের নিরাপত্তার জন্য তাদের মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আমার কার্যালয়েও পুলিশ মোতায়েন করা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার আমলে সচিবালয়সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কি ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন জেলায় নিযুক্ত বিভাগীয় কমিশনারদের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে। জনগণের জানমাল রক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিতে তাদের নির্দেশ দেয়া হয়েছে।
তবে জেলা প্রশাসকদের সাথে এখনো আলোচনা হয়নি। শীঘ্রই তাদের সাথে আলোচনা করা হবে।
