হরতাল, অবরোধে চট্টগ্রাম বন্দর অচল, জনজীবন স্থবির
চট্টগ্রামে ১৪ দলীয় বিরোধী জোটের লাগাতার হরতাল ও অবরোধের প্রথম দিন রোববার বন্দর অচল হয়ে পড়ে। স্থবির হয়ে পড়ে স্বাভাবিক জনজীবনও।
বন্দর সূত্র জানায়, জাহাজে পণ্য তোলা ও খালাসের কাজ না হওয়ায় দেশের প্রধান সমুদ্র বন্দরের অভ্যন্তরীণ কার্যকলাপ কার্যত অচল হয়ে পড়ে।
চারটি জাহাজ বন্দরে ভীড়লেও পণ্য নিয়ে কোন জাহাজ বন্দর ত্যাগ করেনি। ফলে বন্দরে সৃষ্টি হয়েছে ভয়াবহ কন্টেইনার জট।
লাগাতার হরতাল ও অবরোধের কারণে নগরীতে রিক্সা ছাড়া অন্য সব যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে দেশের বাড়িতে ঈদ পালন শেষে শহরমুখী যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগের মুখে পড়ে।
যাত্রীরা অভিযোগ করেন, কোথাও কোথাও যানবাহন রাস্তায় নামাতে অক্ষমতা প্রকাশ করে পরিবহণ কতৃপক্ষ বাড়তি দাম দিয়ে কেনা বা বুক করা টিকেট যাত্রীদের ফিরিয়ে দিচ্ছে।
এদিকে সবগুলো আন্তঃনগর ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে যথারীতি ছেড়ে গেলেও হরতাল ও অবরোধকারীরা তা আখাউড়া ও টঙ্গীসহ বিভিন্ন স্থানে আটকে দেয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তজার্তিক বিমান বন্দর থেকে পূর্বনির্ধারিত ফ্লাইট চলাচল করলেও যাত্রী ছিলো হাতে গোনা।
এছাড়া নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কাঁচাবাজার এবং অভিজাত বিপণীবিতানসহ অধিকাংশ ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ ছিলো।
সূত্র জানায়, কর্মসূচি চলাকালে সীতাকূন্ড, বায়েজীদ, কালুরঘাট ও নাসিরাবাদসহ চট্টগ্রামের ৬ টি শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হয়।
এসময় হরতাল ও অবরোধকারীরা রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে। টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়। যাত্রীবাহী বিভিন্ন যানবাহন চলাচলেও বাঁধা দেয় তারা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, নগরীর কোন স্থান থেকে অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।
কর্মসূচি চলাকালে নগরীর বিভিন্ন স্থানে আয়োজিত পথসভায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় বিরোধী জোট নেতৃবৃন্দ তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে ঘোষণা দেন।
