২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহনের অভাবে মানুষের দুর্ভোগ চরমে

চলমান রাজনৈতিক অনিশ্চয়তার কারণে সারাদেশের যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকায় লাখ লাখ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2006, 09:51 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

পরিবহন ব্যবস্থায় এই অচলাবস্থার কারণে রাজধানীর সঙ্গে সারাদেশ বিচ্ছিন্ন হয়ে গেছে। কাঁচামাল থেকে শুরু করে যেকোন ধরনের পণ্য আমদানী--রপ্তানী বন্ধ থাকায় দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জনজীবনে দুর্ভোগ নতুন মাত্রা পেয়েছে।

সকল সরকারী--বেসরকারী অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান--পাট এবং হাট--বাজার বন্ধ থাকায় জনমনে আশংকা ও আতঙ্ক বিরাজ করছে। নেহায়েতই যাদের অফিসে পৌঁছাতে হয়েছে তাদেরকে যানবাহনের অভাবে হয় পায়ে হেঁটে নয়তো অধিক ভাড়ায় রিকশা অথবা ভ্যানে করে যেতে দেখা গেছে।

বিরাজমান এই রাজনৈতিক অচলাবস্থার কারণে রাজধানীর কোন রাস্তায় বাস, অটোরিকশা, ব্যক্তি মালিকানাধীন যানবাহনসহ কোন ধরনের যানবাহন চলাচল করেনি।

ভয়াবহ এই পরিবহন শূন্যতার কারণে হাজার হাজার মানুষকে বিভিন্ন বাস, লঞ্চ ও রেলওয়ে টার্মিনালে ঠাঁয় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলেন যারা আটকা পড়েছেন সেখানে। দুদিন চেষ্টা করেও তারা ফিরতে পারেননি কর্মস্থলে।

বিভিন্ন পরিবহন শ্রমিক ও মালিক নেতারা জানান, চলমান পরিস্থিতিতে তারা কোন যানবাহন রাস্তায় নামানোর সাহস পাচ্ছেন না। এতে করে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে স্বীকার করলেও তারা বলেন, তাদের কিছুই করার নেই।

রাজধানীর সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালগুলো থেকে কোন বাস ঢাকা ছেড়ে যায়নি এবং দেশের অন্য এলাকা থেকেও কোন বাস ঢাকায় পৌঁছেনি।

বাংলাদেশ রেলওয়ে (বিআর) সূত্র মতে, রোববার সারাদিনে কোন ট্রেন ঢাকা ছেড়ে যায়নি, একইভাবে দেশের কোন অঞ্চল থেকে কোন ট্রেন ঢাকায় পৌঁছেনি।

রেলওয়ে কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে যে, ঢাকার বাইরের কিছু কিছু ট্রেন রাজধানীর উদ্দেশ্যে রওয়ানা হলেও সেগুলো যথাসময়ে পৌঁছাতে পারেনি। এর মধ্যে তিস্তা এক্সপ্রেস গাজীপুরে, সুবর্ণ এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় এবং অপর একটি ট্রেন নরসিংদীতে আটকে দেওয়া হয়।

 কন্ট্রোল রুম থেকে আরো জানানো হয়, অস্বাভাবিক এই পরিস্থিতির মধ্যে কর্তৃপক্ষ কোন ধরনের ঝুঁকির মধ্যে রেল চলাচল অনুমোদন দেবে না।

নফহবংি২৪.পড়স এর সাথে আলাপকালে কমলাপুর রেলওয়ে ষ্টেশন ম্যানেজার অশোক কুমার দে জানান, রোববার সন্ধ্যা থেকে রেল চলাচল আংশিকভাবে শুরু হয়েছে। যেসব ট্রেন মাঝপথে অবরুদ্ধ রয়েছে সেগুলো রাতের মধ্যে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করবে।

তবে সোমবার দিনে রেল চলাচল অব্যাহত থাকবে কি না সে ব্যাপারে তিনি কিছুই বলতে পারেননি।

অপরদিকে রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকেও কোন লঞ্চ ছেড়ে যায়নি এবং সেখানেও কোন লঞ্চ ভেড়েনি।

এর ফলে গোটা রাজধানী সমগ্র দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কাঁচামাল, শাক-সব্জী, মাছ থেকে শুরু করে সকল ধরনের পণ্য আমদানী--রপ্তানী বন্ধ রয়েছে।

আর এই ফাঁকে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়ায় দুর্ভোগ আরও একধাপ বৃদ্ধি পেয়েছে।

কিছু কিছু সরকারী অফিস খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম এবং সকল কার্যক্রম বন্ধ ছিল। তবে বেসরকারী ও ব্যক্তি মালিকানাধীন কোন অফিস বা প্রতিষ্ঠান খোলা ছিল না।