কেরানীগঞ্জে আ. লীগের মিছিলে পুলিশী হামলা, আহত ৪০
১৪ দলের অবরোধের কারণে সারা দেশের সাথে কেরানীগঞ্জ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রোবাবার বিক্ষুব্ধদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষে ৪০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পুলিশ ১৪ দলের নেতাকর্মীদের লক্ষ্য করে অন্তত ৫০ রাউণ্ড রাবার বুলেট ছুঁড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশী হামলায় গুরুতর আহতরা হলেন জেলা যুবলীগ সভাপতি শফিকুল আজম (৪৫), রুহিতপুর ইউনিয়ন ছাত্রলীগ প্রচার সম্পাদক জুলহাস(২৫), বিল্লাল হোসেন(১৮), সোহেল(২০), জজ মিয়া (৪০), মঙ্গল (৪৫), সবুজ (২০), তৌহিদ (৩০), জাহাঙ্গীর (২৫), আমজাদ হোসেন (৩০)। এদের মধ্যে জজ মিয়া, বিল্লাল ও সবুজকে মিটফোর্ড এবং বাকীদের রুহিতপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল থেকে ১৪ দলের নেতাকর্মীরা ঢাকা--মাওয়া, ঢাকা--দোহার, ঢাকা--নবাবগঞ্জসহ দক্ষিণাঞ্চলে যাতায়াতের সকল রাস্তা অবরুদ্ধ করে রাখে। নেতাকর্মীরা বুড়িগঙ্গা প্রথম ও দ্বিতীয় সেতু অবরুদ্ধ করে। সকাল ১০টার দিকে রুহিত এলাকায় পুলিশ ১৪ দলের মিছিলে বিনা উস্কানীতে বেধড়ক লাঠিচার্জ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিভিন্নস্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাংচুর চালায়। বিক্ষুব্ধদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
পুলিশ রাবার বুলেট ছুঁড়লে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ১৪ দলের নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট--পাটকেল ছুঁড়ে প্রতিহত করার চেষ্টা চালায়। হামলা--পাল্টা হামলায় ৪০ নেতাকর্মী আহত হয়। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
