সচিবালয়ে বঞ্চিত কর্মকর্তাদের বিক্ষোভ, বিডিআর মোতায়েন
সচিবালয়ে পদোন্নতি বঞ্চিতদের সঙ্গে রোববার সকালে সরকার সমর্থক গ্র“পের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেখানে বিপুল সংখ্যক বিডিআর ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
আগামী ৫/৬ দিনের মধ্যে পদোন্নতির বিষয় নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে বঞ্চিত কর্মকর্তারা ঘোষণা দেন।
এ এফ এম সোলায়মান চৌধুরী রোববার সংস্থাপন সচিব হিসেবে কাজে যোগ দেওয়ার পর সচিবালয়ের পদোন্নতি বঞ্চিত পাঁচ শতাধিক কর্মকর্তা রোববার সকাল সোয়া ১০টায় তাঁর সঙ্গে দেখা করে তাদের ক্ষোভের কথা জানান।
এরপর বাইরে এসে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সহকারী কমিশনার হাবিবুর রহমানের সাথে বিক্ষুব্ধ কর্মকর্তাদের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। সেসময় সেখানে উপস্থিত বেশ কয়েকজন ফটো সাংবাদিককে কর্মকর্তা ও কর্মচারিদের একাংশ ধাওয়া করে।
সচিবালয়ে বিডিআর ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
