প্রধান রাজনৈতিক দলগুলোকে বৈঠকে আমন্ত্রণ জানালেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ সবার কাছে গ্রহণযোগ্য একজন তত্ত্বাবধায়ক সরকার প্রধান খুঁজে বের করার জন্য সংসদে প্রতিনিধিত্বকারী বড় রাজনৈতিক দলগুলোর নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন।
শনিবার রাতে বঙ্গভবনের একজন মুখপাত্র নফহবংি২৪.পড়স কে একথা জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোখলেসুর রহমান চৌধুরী নফহবংি২৪.পড়স কে বলেছেন, রোববার সকাল থেকে এসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে রাষ্ট্রপতি পৃথক বৈঠক করবেন।
বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির (এ) কাছে এই আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে প্রেস সচিব জানান।
তবে বিজেপি (মতিন), ইসলামী ঐক্যজোট ও কৃষক শ্রমিক জনতা লীগ এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে এই আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়নি।
অবসরপ্রাপ্ত বিচারপতিদের বিষয়ে যেসব পথ ছিল সেগুলো রুদ্ধ হয়ে গেলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ক্রমে যথাসম্ভব সবার কাছে গ্রহণযোগ্য একজন তত্ত্বাবধায়ক সরকার প্রধান খুঁজে বের করার চেষ্টা করবেন।
মুখপাত্র জানান, প্রধান দুই রাজনৈতিক দলের কেউই চারজন সম্ভাব্য বিচারপতির ব্যাপারে একমত হতে পারেননি তাই রাষ্ট্রপতি পঞ্চম উপায় হিসেবে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন। যদি পঞ্চমটিও ব্যর্থ হয় তবে রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব পালন করবেন।
আওয়ামী লীগ কে এম হাসান ও এম এ আজিজ ছাড়া অন্য যে কাউকে প্রধান উপদেষ্টা পদে মেনে নিতে রাজী আছে বলে জানিয়েছিল। অন্য দুই সম্ভাব্য ব্যক্তি সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক হামিদুল হকের ব্যাপারে বিএনপির আপত্তি রয়েছে বলে বঙ্গভবন সূত্র জানায়।
