২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪৪ ধারা অমান্য করে লালদিঘী ময়দানের নিয়ন্ত্রণ নিলেন চট্টগ্রামের মেয়র

১৪৪ ধারা অমান্য করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন ১৪ দলীয় বিরোধী জোট শনিবার বিকেলে লালদিঘী ময়দানের নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

এর আগে শুক্রবার রাতে পুলিশ ও বিএনপি কর্মীদের মাধ্যমে লালদিঘী ময়দান থেকে বিতাড়িত হওয়ার পর শনিবার সকালে শত শত বিরোধী দলীয় নেতা--কর্মী চট্টগ্রাম শহীদ মিনার প্রাঙ্গনে জমায়েত হন।

পরে চট্টগ্রাম সিটি মেয়রের নেতৃত্বে বিরোধী দলীয় নেতা--কর্মীদের ট্রাকবহর নগরীর কেসি দে সড়কে সিনেমা প্যালেসের সামনে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিডিআর সদস্যদের বিপুলসংখ্যক ব্যারিকেড অমান্য করে এগিয়ে যায়।

চট্টগ্রাম সিটি মেয়র দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি ট্রাকে এবং তাদেরকে অনুসরণ করা বিপুলসংখ্যক জনতা দুপুর পৌনে ২ টার দিকে লালদিঘী ময়দানে প্রবেশ করেন এবং সেখানে জোহরের নামাজ আদায় করেন। সেখানে উপস্থিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা কার্যত নমনীয় ছিল।

উল্লেখ্য লালদিঘী ময়দান ২৭ অক্টোবর থেকে পরবর্তী ৮ দিন ব্যাবহারের জন্য বিরোধী দল আগে থেকেই অনুমতি নেয়। কিন্তু বিএনপি একই স্থানে শনিবার বিকেলে সমাবেশ আহ্বান করলে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারী করে।

এর আগে মহিউদ্দিন চৌধুরী তাদের দাবি দাওয়া আদায় না হওয়া পর্যন্ত লালদিঘী ময়দানে মঞ্চ তৈরি করে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন।

অপরদিকে বিএনপি কাজীর দেউরীতে জনসমাবেশের আয়োজন করে।