২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সংঘর্ষে পৌর চেয়ারম্যানসহ আহত শতাধিক, ট্রেন লাইন উৎপাটন

অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে শনিবার পাবনায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষে পাবনা পৌর চেয়ারম্যান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মিন্টু ও ১০ পুলিশসহ শতাধিক লোক আহত হন। ভাংচুর করা হয় ১০/১৫ টি দোকানও ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 07:08 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

এছাড়া ১৪ দলের নেতাকর্মীরা ঈশ্বরদীতে রেলপথ অবরোধ করে। সেই সঙ্গে ট্রেন লাইন উপরে ফেলায় সব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য শহরে ১৪৪ ধারা জারি করা হয়। তাই জামায়াত শহরের বাইরে চাপা মসজিদের কাছে সমাবেশ করে।

সকাল থেকে আওয়ামী লীগ লগি, বৈঠা, লাঠি নিয়ে শহরের আব্দুল হামিদ সড়ক দখল করে রাখে। সোয়া ১২ টার দিকে বিএনপি একটি মিছিল বের করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ সময় ১০ পুলিশসহ আওয়ামীলীগ ও বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে  কামরুল হাসান মিন্টু ছাড়াও জেলা যুবদল সহসভাপতি নুর মোহাম্মদ মাসুম বগা, জেলা ছাত্রদল সভাপতি মাহমুদুন্নবী স্বপন, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, পুলিশের এসআই জাহাঙ্গীর হোসেন রয়েছেন।

এদিকে বেড়া উপজেলার মৈত্রপাড়া ও সান্যালপাড়ায় আওয়ামীলীগ সমর্থকরা ১২/১৩ টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এ সময় ১৫ জন আহত হন। এ ছাড়া ঈশ্বরদী, সুজানগর, আটঘরিয়া, চাটমোহরে ব্যাপক সহিংসত ঘটনা ঘটে। অবরোধের কারণে পাবনায় কোন যানবাহন চলাচল করেনি।