কেএম হাসানের বাসার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার
সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাব্য প্রধান উপদেষ্টা কেএম হাসানের ধানমন্ডির বাসার নিরাপত্তা ব্যবস্থা শুক্রবার বিকেল থেকে আরও জোরদার করা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তাঁর শনিবার শপথ ও দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।
প্রথা অনুযায়ী শুক্রবার রাত অথবা শনিবার সকালের মধ্যে মন্ত্রিপরিষদের সচিব আবু সোলায়মান চৌধুরী তাঁর বাসায় গিয়ে তাঁকে ওই পদের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানাবেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তার বাসার সামনে দুই প্লাটুন পোষাকধারী পুলিশ এবং পুলিশের বিশেষ শাখার সাদা পোষাকধারী দুই পিকআপ ভর্তি সদস্য মোতায়েন করা হয়েছে। বাসার সামনের সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদের নেতা অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিকের নেতৃত্বে পরিষদের একটি প্রতিনিধি দল শুক্রবার বিকেলে কেএম হাসানের বাসভবনে গিয়ে তার সাথে দেখা করেন।
এ সময় তাঁরা বিচারপতি হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব না নেওয়ার অনুরোধ জানান বলে ড. আরেফিন সিদ্দিক জানান।
এদিকে বিরোধী দলের আন্দোলনের হুমকির কারণে কেএম হাসান কি ধরনের সিদ্ধান্ত নেবেন, এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে শুক্রবার বিকেল থেকে তাঁর বাসার সামনে সাংবাদিকরা ভিড় করেন। তবে তাঁর পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া জানা যায়নি।
