গাজীপুরে জামায়াত কার্যালয়ে আ.লীগের হামলা, একজনের মৃত্যু
গাজীপুরে শুক্রবার রাতে আওয়ামী লীগ কর্মীরা জামায়াত ইসলামীর কার্যালয়ে হামলা চালিয়েছে। এসময় রুহুল আমিন (৫০) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। তিনি জামায়াতের রোকন ছিলেন।
তবে গাজীপুর থানা পুলিশ জানিয়েছে, হামলায় নয়, ওই ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হয়েছে।
সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে শিববাড়ি মোড়ে জামায়াত ইসলামীর কার্যালয়ে আওয়ামী লীগ কর্মীরা হামলা চালায়। এ সময় বিক্ষুব্ধ আ’লীগ কর্মীরা ওই কার্যালয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে আওয়ামী লীগ কর্মীদের ধাওয়া খেয়ে জামায়াত নেতা রুহুল আমিন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার দিকে তিনি মারা যান। তবে তার শরীরের কোথাও গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পিঠে ও পায়ে হালকা আঘাত পেয়ে থাকতে পারে বলে কর্তব্যরত ডাক্তাররা জানিয়েছেন।
গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম এ ব্যাপারে বলেন, স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন নেই বলেও তিনি স্বীকার করেন।
