২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ৩০

রাজধানীতে শুক্রবার রাতে আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা লাঠি-সোটা নিয়ে রাস্তায় নেমে আসে। একাধিক স্থানে বিএনপি কার্যালয়েও তারা অগ্নিসংযোগ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

এছাড়া বিক্ষোভকারীরা ব্যারিস্টার নাজমুল হুদাসহ দুই মন্ত্রীর বাসভবন ও গাড়িতে হামলা এবং বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। এসময় তারা নগরীর বিভিন্ন সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতারও সৃষ্টি করে।

এদিকে বিভিন্ন স্থানে শুক্রবার বিকেলে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

এ সময় আওয়ামী লীগ কর্মীরা লালবাগ, কোতয়ালী, কামরাঙ্গীরচর ও মতিঝিলসহ বিভিন্ন  এলাকায় বিএনপির একাধিক নির্বাচনী কার্যালয় ভাংচুর করে। গোলাগুলির ঘটনাও ঘটে উভয় পক্ষের মধ্যে। সংঘর্ষের প্রেক্ষিতে নগরীতে আতংক বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর লালবাগ থানার নলগোলা এলাকায় আওয়ামী লীগ সমর্থকরা যুবদলের একটি কার্যালয়, একটি বিএনপি ক্লাব এবং ৬৬ নং ওয়ার্ড কমিশনার ও স্থানীয় বিএনপি সভাপতি আমানুল¬াহর বাসভবন ভাংচুর করে। এছাড়া আওয়ামী লীগ কর্মীরা ১০ রাউন্ড ফাঁকা গুলিও চালায়।

সূত্র জানায়, আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের অর্ধশতাধিক সমর্থক বিকেল পৌনে ৫ টার দিকে নলগোলা এলাকায় বিএনপি কর্মী--সমর্থক এবং তাদের কার্যালয় ও বাসভবনে হামলা চালায়।

আওয়ামী লীগ সমর্থকরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা শুরু করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।  বিএনপি কর্মীরাও বিভিন্ন ধরনের অস্ত্র ব্যাবহার করে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়। এদের  অধিকাংশই বিএনপি সমর্থক। আশংকাজনক অবস্থায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালবাগ থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অপর ঘটনায় নগরীর কামরাঙ্গীরচরে সন্ধ্যা ৬ টার দিকে আওয়ামী লীগ সমর্থকরা ঈদ উপলক্ষে বিএনপি নেতা--কর্মীদের তৈরি বেশ কয়েকটি তোরন ভাংচুর করে। এছাড়া বউবাজার এলাকায় সন্ধ্যা সোয়া ৬ টার দিকে স্থানীয় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।

অপরদিকে রাজধানীর গুলশানে সন্ধ্যা ৭ টার দিকে ইমপেরিয়াল হোটেলের কাছে আওয়ামী লীগ সমর্থকরা তাদের দখল করে নেয়া একটি কার্যালয় থেকে বিএনপি কর্মীদের তাড়িয়ে দেয়।

মিরপুরে আওয়ামী লীগ সমর্থকরা ৭৩ নং ওয়ার্ড যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগ করে।

বিক্ষোভকারীরা ডেমরাতে বিএনপির সাংসদ সালাউদ্দিন আহমেদের কার্যালয় এবং যাত্রাবাড়ীতে স্থানীয় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করে। আওয়ামী লীগ সমর্থকরা নগরীর সায়েদাবাদে একটি বাসেও অগ্নিসংযোগ করে।

অপরদিকে গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের বাসভবনের সামনে হাতে বানানো ককটেলের  বিস্ফোরণ ঘটলে এলাকায় আতংকের সৃষ্টি হয়। ধানমন্ডির ৫ নং সড়কে বিক্ষোভকারীরা ব্যারিস্টার নাজমুল হুদার বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ এবং দরজা-জানালা ভাংচুর করে। এছাড়া গাড়িতে করে যাওয়ার সময় বিক্ষোভকারীরা নাজমুল হুদাকে ধাওয়া এবং তাঁর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।