রাজধানীতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ৩০
রাজধানীর বিভিন্ন স্থানে শুক্রবার বিকেলে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
এ সময় আওয়ামী লীগ কর্মীরা লালবাগ, কোতয়ালী, কামরাঙ্গীরচর ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিএনপির একাধিক নির্বাচনী কার্যালয় ভাংচুর করে।
গোলাগুলির ঘটনাও ঘটে উভয় পক্ষের মধ্যে। আওয়ামী লীগ সমর্থকরা বেশ কয়েকটি যানবাহনও ভাংচুর করে।
সংঘর্ষের প্রেক্ষিতে নগরীতে আতংক বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর লালবাগ থানার নলগোলা এলাকায় আওয়ামী লীগ সমর্থকরা যুবদলের একটি কার্যালয়, একটি বিএনপি ক্লাব এবং ৬৬ নং ওয়ার্ড কমিশনার ও স্থানীয় বিএনপির সভাপতি আমানুল্লাহর বাসভবন ভাংচুর করে। এছাড়া আওয়ামী লীগ কর্মীরা ১০ রাউন্ড ফাঁকা গুলিও চালায়।
সূত্র জানায়, আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের অর্ধশতাধিক সমর্থক বিকেল পৌনে ৫ টার দিকে নলগোলা এলাকায় বিএনপি কর্মী--সমর্থক এবং তাদের কার্যালয় ও বাসভবনে হামলা চালায়।
আওয়ামী লীগ সমর্থকরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা শুরু করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। বিএনপি কর্মীরাও বিভিন্ন ধরনের অস্ত্র ব্যাবহার করে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়। এদের অধিকাংশই বিএনপি সমর্থক। আশংকাজনক অবস্থায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালবাগ থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অপর ঘটনায় নগরীর কামরাঙ্গীরচরে সন্ধ্যা ৬ টার দিকে আওয়ামী লীগ সমর্থকরা ঈদ উপলক্ষে বিএনপি নেতা--কর্মীদের তৈরি বেশ কয়েকটি তোরন ভাংচুর করে। এছাড়া বউবাজার এলাকায় সন্ধ্যা সোয়া ৬ টার দিকে স্থানীয় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।
অপরদিকে রাজধানীর গুলশানে সন্ধ্যা ৭ টার দিকে ইমপেরিয়াল হোটেলের কাছে আওয়ামী লীগ সমর্থকরা তাদের দখল করে নেয়া একটি কার্যালয় থেকে বিএনপি কর্মীদের তাড়িয়ে দেয়।
