ধামরাইয়ের এলডিপি নেতার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ একজনের মৃত্যু
ধামরাইয়ের সাংসদ ব্যারিস্টার জিয়াউর রহমান খান এলডিপিতে যোগদান করায় বিএনপির ক্ষুদ্ধ নেতা--কর্মীরা বৃহস্পতিবার রাতে তার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর ও গুলিবর্ষণ করে। এ সময় আহত একজন শুক্রবার সকালে চিকিৎসাধীর অবস্থায় মারা যায়।
ওই ঘটনায় স্থানীয় বিএনপির দুই গ্র“পের নেতা-কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের পুত্র বিএনপির ঢাকা--১৩ (ধামরাই) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান দল পরিবর্তন করে নতুন দল এলডিপিতে যোগদান করায় স্থানীয় বিএনপি নেতা--কর্মীরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে।
তারা বৃহস্পতিবার সন্ধ্যায় ধামরাই পৌর এলাকায় সংগঠিত হতে থাকে। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ধামরাই রথ খোলায় এক সভায় ব্যারিস্টার জিয়ার কুশ পুত্তলিকা পোড়ানো হয়। এরপর মিছিলকারীরা এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন ধামরাই পৌরসভার চেয়ারম্যান ও স্থানীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তুলা, ঢাকা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ প্রমুখ।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বিএনপি নেতা জানান, সংসদ সদস্য আমাদের না জানিয়ে দল পরিবর্তন করেছেন। এতে তৃণমূল পর্যায়ের নেতা--কর্মীরা ক্ষুদ্ধ হয়েছে।
বিক্ষুদ্ধ নেতা--কর্মীরা রাত পৌনে ৮টায় ২০--২২টি মোটর সাইকেল ও ৮--৯টি মাইক্রোবাস যোগে ব্যারিস্টার জিয়াউর রহমান খানের গ্রামের বাড়ি বালিয়ায় হামলা চালায়। হামলাকারীরা ফাঁকা গুলিবর্ষণ করতে করতে বাড়িতে প্রবেশ করে চারটি ঘরের মালামাল ব্যাপক ভাংচুর এবং একটি ঘরে অগ্নিসংযোগ করে।
আগুন দেখে ও গুলির শব্দে এলাকাবাসী ডাকাত ভেবে চিৎকার শুরু করলে হামলাকারীরা আরও কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে।
বিক্ষিপ্তভাবে ছোঁড়া গুলিতে আহত হন আসলাম ও জ্ঞানেন্দ্র চন্দ্র শীলসহ ২৫ জন।
আসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টায় তিনি মারা যান।
আসলাম ঢাকার উত্তরায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেন। বালিয়া গ্রামের মৃত আবদুল মালেকের পুত্র আসলামের লাশ বিকেলে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে মন্তব্য করার জন্য ব্যারিস্টার জিয়াউর রহমান খানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তবে তার এক আত্মীয় খন্দকার রানা বলেন, মহিলা এমপি সুলতানা আহম্মেদ তার ক্যাডার বাহিনী নিয়ে এ হামলায় নেতৃত্ব দেন।
এ প্রসঙ্গে সুলতানা আহম্মেদ বলেন, জনবিচ্ছিন্ন ব্যারিস্টার জিয়া বেইমানী করে বিএনপি ত্যাগ করে নতুন দলে যোগ দিয়েছেন। গত পাঁচ বছরে তার কর্মকাণ্ডে স্থানীয় নেতা--কর্মীরা ক্ষুদ্ধ ছিল।
এ ব্যাপারে ধামরাই থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পরিস্থিতি মোকাবেলায় কয়েকটি স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত হত্যা ও হামলা--ভাংচুরের ঘটনায় ধামরাই থানায় কোনো মামলা হয়নি।
