২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সঙ্কটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশ্যে দেওয়া পৌনে এক ঘন্টার ভাষণে বিদ্যুত সঙ্কট ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে নিজ সরকারের ব্যর্থতা স্বীকার করে প্রধানমন্ত্রী খালেদা জিয়া সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে ব্যাপক সাফল্য দেখিয়ে তার জোটকে আবারও নির্বাচিত করতে বললেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 12:12 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

শুক্রবার সন্ধ্যায় দেওয়া এ ভাষণে খালেদা বলেন, ‘বিদ্যুৎ সমস্যায় যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য আমি দুঃখিত’।

বিদায়ী প্রধানমন্ত্রী বলেন, ‘সংলাপ ব্যর্থ হলেও হতাশ হওয়ার কিছু নেই। সংবিধানই এক্ষেত্রে রক্ষাকবচ’। তিনি জানান, সাংবিধানিক পন্থায়ই তার সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন।

‘সুখের চেয়ে শান্তি ভাল’ এ প্রবাদ উল্লেখ করে ভাষণের শেষ পর্যায়ে খালেদা বলেন, তার সরকার চেষ্টা করেছে এ শান্তি নিশ্চিত করতে। নিজ মেয়াদের শেষদিনে এ ভাষণকে জনগণের কাছে জবাবদিহিতা বলে উল্লেখ করেন খালেদা জিয়া।

বিদ্যুৎ সঙ্কট প্রসঙ্গে খালেদা বলেন, চাহিদা বাড়তে থাকলে অন্তর্বর্তীকালীন সময়ে তা সরবরাহের সঙ্গে তাল মেলাতে পারে না। তবে বিদ্যুতের এ সঙ্কট নিয়ে তার সরকার সচেতন ছিল। খালেদা এ বিষয়ে তার সরকারের সাফল্য বর্ণনা করে বলেন, ৮৯ হাজার কিলোমিটার নতুন সঞ্চালক লাইন এসময় বসানো হয়েছে। তবে বিদ্যুৎ খাতের ব্যর্থতা কিছুটা স্বীকার করে তিনি বলেন, এর পরের বার ক্ষমতায় এলে বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, আমদানী নির্ভর অর্থনীতি এবং মধ্যস্বত্বভোগীদের কারসাজির কারণে এটা পুরোপুির নিয়ন্ত্রণ করা যায়নি। আরেকবার ক্ষমতায় এলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নতুন আইন করা হবে বলে খালেদা প্রতিশ্র“তি দিয়েছেন। জিনিসপত্রের দাম বাড়ার ক্ষেত্রে হরতাল-অবরোধও যথেষ্ট ভূমিকা পালন করেছে বলে খালেদা উল্লেখ করেন।

অষ্টম জাতীয় সংসদের মেয়াদ পূর্তির জন্য খালেদা জিয়া বিরোধী দলের প্রতি অভিনন্দন জানিয়েছেন। 

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার ফলেও দ্রব্যমূল্য বাড়ে উল্লেখ করে জোট সরকার তেলনীতি নিয়ে সচেতন ছিল বলে খালেদা দাবি করেন। তেলের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি সৌদি আরব ও কুয়েত সফর করেছেন উল্লেখ করে তিনি বলেন, তেলের দাম সাধ্যের মধ্যে রাখার জন্য এসব দেশ সাহায্য করেছে। 

জোট সরকারের সাফল্যের কথা বলতে গিয়ে খালেদা জিয়া ভাষণের শুরুতেই জনগণকে ঘড়ির কাঁটা একটু পিছিয়ে নিতে বলেন। তার মতে, ২০০১ সালের অক্টোবরে দেশব্যাপী সামাজিক ক্ষেত্রে দেখা দিয়েছিল সীমাহীন সন্ত্রাস এবং নিরাপত্তাহীনতা। ক্ষমতায় এসে তার সরকার শান্তি, শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠা করে মানুষের জীবনে মৌলিক নিরাপত্তা এনে দিয়েছে। নিশ্চিত করেছে জনগণের জীবনে সার্বিক নিরাপত্তা।

বিগত সরকারের সময়ের কথা উল্লেখ করে খালেদা বলেন, সেসময় জনগণের কোনো নিরাপত্তা ছিল না। সন্ত্রাসীদের কাছে সবাই ছিল অসহায়। বোমাবাজ ও সন্ত্রাসীর পাশাপাশি সৃষ্টি হয়েছিল গডফাদার। তিনি সেসময় নববর্ষে, রাজনৈতিক জনসভায় এবং ধর্মীয় স্থানে বোমা হামলার কথা উল্লেখ করে বলেন, এসবের মূল হোতাদের না ধরে গত সরকার রাজনৈতিকভাবে এ ঘটনাগুলো ব্যবহার করতে চেয়েছিল। কঠোর সন্ত্রাস দমনে অপারেশন ক্লিন হার্ট এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানকে ধন্যবাদ জানিয়ে খালেদা আইন--শৃঙ্খলা রক্ষায় তার সরকারের সাফল্যের বর্ণনা দেন।

দুর্নীতি প্রসঙ্গে খালেদা জিয়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উল্লেখ করে বলেন, এ প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, ২০০০ সালের তুলনায় ২০০৩ সালের দুর্নীতি কমেছে। তবে দুর্নীতির পরিমাণও গ্রহণযোগ্য নয় বলে বিদায়ী প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

স্থিতিশীল অর্থনীতি এবং বিদেশী বিনিয়োগে নিজ সরকারের অসামান্য সাফল্য দাবি করে খালেদা বলেন, বিগত সরকারের সময় বৈদেশিক মুদ্রার মজুদ ছিল ১ বিলিয়ন মার্কিন ডলার। আর গত পাঁচ বছরে এ মজুদ অধিকাংশ সময়েই ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ছিল। বৈদেশিক রেমিটেন্স বাড়ার কথা উল্লেখ করে তিনি বলেন এ পাঁচ বছরে ১.৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ৪.২ বিলিয়ন ডলারে দাঁড়ায়। কোটা প্রথা উঠে যাওয়ার পরও তৈরি পোশাক রপ্তানিকেও তার সরকারের সাফল্য হিসেবে বর্ণনা করেছেন বিদায়ী প্রধানমন্ত্রী।

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, জোট সরকারের সময় ৫০ লাখ মানুষের দেশে ও ১২ লাখ বিদেশে কাজ পেয়েছে। এ প্রসঙ্গে তিনি আরো উল্লেখ করেন ২০০৪-০৫ সালে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ শতাংশ, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। 

শিল্পায়নে সাফল্যের বিষয়ে একটি উদাহরণ দিয়ে খালেদা বলেন, দেশ এখন শিপ ব্রেকিং থেকে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির দিকে এগিয়ে যাচ্ছে। এসময় দেশে সরাসরি বিদেশী বিনিয়োগ ২.৫ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।

কৃষিখাতে সরকারের সাফল্যের কথা উল্লেখ করে খালেদা বলেন, আগের সরকারের এ খাতে দেওয়া ১০০ কোটি টাকা ভর্তুকির বদলে ১২০০ কোটি টাকা দেওয়া হয়েছে।

টেলিযোগাযোগখাতে সরকারের বিরাট সাফল্যের কথা উল্লেখ করে খালেদা বলেন, গত সরকারের আমলের ৬ লাখ ফিক্সড ফোন সংযোগের জায়গায় এখন আমাদের সারাদেশে ১২ লাখ ২০ হাজার সংযোগ রয়েছে। মোবাইল ফোনসহ সারাদেশে সংযোগের পরিমাণ দেড় কোটি।

তিনি আরো বলেন, বেসরকারি মালিকানায় আরো ১৭টি সংস্থাকে ফিক্সড ফোন সংযোগের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও সরাসরি মালিকানায় মোবাইল ফোন সার্ভিস চালু হয়েছে। সাবমেরিন কেবলের মধ্যে তথ্যপ্রযুক্তি মহাসড়কেও যুক্ত হয়েছে বাংলাদেশ।

 যোগাযোগখাতে উন্নতির প্রসঙ্গে খালেদা বলেন, দেশে ৫৫ হাজার কিমি নতুন সড়ক এবং ২৪ হাজার৯০২ মিটার দীর্ঘ সেতু প্রতিষ্ঠিত হয়েছে। তেমনিভাবে নতুন দুটি ফ্লাইওভার তৈরি করে ঢাকার উন্নতি করা হয়েছে। পাশাপাশি তিনি সারাদেশের রেল ও নৌপথে যোগাযোগের উন্নতির কথাও উল্লেখ করেছেন।

মুিক্তযোদ্ধাদের ভাতা ও দুঃস্থদের ভাতা ও সাহায্যের কথাও গুরুত্ব দিয়ে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী।

শিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য সাবেক সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, নকলের প্রসারে শিক্ষা ব্যবস্থা সেসময় ধ্বংস হতে নিয়েছিল। বর্তমান সরকারের আমলে নকলমুক্ত পরিবেশে মেধার মূল্যায়ন সম্ভব হচ্ছে বলে খালেদা দাবি করেন। 

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এখন যাওয়ার উপযোগী ৯৭ শতাংশ ছেলেমেয়ে স্কুলে যায়। উপবৃত্তি পাচ্ছে ২ কোটি মেয়ে’। আইনের কঠোর প্রয়োগের জন্য নারী ও শিশু নির্যাতন জোট সরকারের আমলে অনেক কমেছে বলে তিনি উল্লেখ করেন। সংসদ অকার্যকর করে রাখার জন্যও তিনি বিরোধী দলকে দায়ী করেছেন। 

ভাষণের শেষ পর্যায়ে এসে খালেদা বলেন, তার সরকার উন্নয়নের যে রোডম্যাপ নিয়েছিল প্রধান বিরোধী দল তাতে নানাভাবে বাধা দিয়েছে-করেছে রোডব্লক। একারণে জনগণ গত পাঁচ বছরে তাদের সঙ্গে যায়নি। খালেদা এসবের উদাহরণ দিয়ে বলেন, ‘আরো একবার কি আমরা নির্বাচিত হতে পারি না’।