২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে এলডিপি নেতাদের বাড়িতে হামলা অব্যাহত

সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী ও বিএনপির সাংসদ কর্নেল (অব.) অলির নতুন দল এলডিপিতে যোগদানের ঘটনায় বিএনপির বিক্ষুব্ধ কর্মীরা দলত্যাগী নেতাদের বাসা ও অফিসে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, বোমা হামলাসহ ঝাড়ু মিছিল করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 07:23 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে সারাদেশ থেকে নফহবংি২৪.পড়স এর প্রতিনিধিরা এসব তথ্য জানান।

বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা যশোর-১ আসনের দলীয় সাংসদ আলহাজ্ব আলী কদর এবং মনিরামপুর বিএনপির দু'নেতা আবু মুসা ও এপিপি মুজিবর রহমানের বিরুদ্ধে শুক্রবার ঝাড়– মিছিল ও তাদের কুশপুত্তলিকা দাহ করে।

আবু মুসার বাড়িতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে জুতা স্যাণ্ডেল ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একই সাথে এপিপি মুজিবর রহমানের বাড়িতে বোমা নিক্ষেপ করে বিক্ষুব্ধ কর্মীরা। এতে তাঁর বাড়িতে আগুন লেগে যায়। স্থানীয় লোকজন ও পুলিশ আগুন নিয়ন্ত্রনে আনে।

এছাড়া শুক্রবার বেলা ১২টার দিকে বিএনপি মণিরামপুর বাজারে তাঁর বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করে।

অপর দিকে শার্শায় এমপি আলী কদরের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা শুক্রবার মটরসাইকেল মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ শেষে আলী কদরের কুশপুত্তলিকা দাহ ও ঝাড়ু মিছিল করে।

যশোরের বেনাপোলে শুক্রবার সকালে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী বল ফিল্ড এলাকায় জড়ো হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি আলী কদরকে ‘জাতীয় বেঈমান’ বলে ঘোষণা দেন।

নওগাঁ-৬ আসনের এমপি এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের দলবদলের ঘটনায় তাঁর নির্বাচনী এলাকা রাণীনগর -- আত্রাই বিএনপি নেতৃবৃন্দ ক্ষোভ ও স্বস্তি প্রকাশ করেছেন। বিএনপি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ মিষ্টি বিতরণ ছাড়াও শোকরানা নামাজ আদায় করেন। এছাড়া ওই আসনের আওয়ামী লীগ প্রার্থী ইসরাফিল আলমের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান এলডিপিতে যোগ দেওয়ায় তাকে রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সদস্যর পদ থেকে বহিস্কার করা হয়েছে। এছাড়া জেলা বিএনপি রাঙ্গামাটিতে তাকে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে।  বিক্ষুব্ধ কর্মীরা শুক্রবার মনিস্বপনের বিরুদ্ধে শ্লোগান দিয়ে শহরে মিছিল করে। পরে তারা বনরূপা আলিফ মার্কেট চত্বরে গিয়ে তার কুশপুত্তলিকা দাহ করে। 

রাজশাহী -- ৫ আসনের (চারঘাট-বাঘা) সাংসদ সাবেক প্রতিমন্ত্রী কবীর হোসেন এলডিপিতে যোগদান করায় শুক্রবার  ছাত্রদল চারঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে।

রাজশাহী মহানগরীতেও শুক্রবার বিকালে কবীর হোসেনসহ এলডিপির নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতা কর্মীরা। পরে সাহেব বাজার জিরো পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এদিকে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপিকা জাহানারা বেগম এলডিপিতে যোগ দেওয়ায় বিএনপির বঞ্চিত নেতাকর্মীরা রাজবাড়িতে আনন্দ উল্লাস করে তাকে স্বাগত জানিয়েছেন। তার বাড়িতে সার্বক্ষণিক পুলিশ প্রহরা মোতায়েন করা হয়েছে।