রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অনুমতি পাননি নাগরিক আন্দোলনের নেতারা
বিচারপতি কেএম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করা হলে সম্ভাব্য সংঘাতময় পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে আলোচনা করতে যাওয়া নাগরিকদের আন্দোলনের প্রতিনিধিদের সাক্ষাতের অনুমতি দেয়নি বঙ্গভবন।
শুক্রবার দুপুরে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের জন্য বঙ্গভবন গেটে গিয়েও অনুমতি না পাওয়ায় তাঁদের ফিরে আসতে হয়েছে। তবে এ সময় তাঁরা সেখানে একটি স্মারকলিপি দেন।
বিশিষ্ট নাগরিকদের সংগঠন সম্মিলিত নাগরিক আন্দোলনের নেতা কাজী ফারুক আহমেদ, ইকবাল সোবহান চৌধুরী, গোলাম কুদ্দুছ, আব্দুল আহাদ চৌধুরী ও নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর নেতৃত্বে বিশিষ্ট নাগরিকরা দুপুর ১২টা ৩৫ মিনিটে বঙ্গভবনে যান। তিন দফায় পুলিশের বাধার শিকার হয়ে ১২টা ৪০ মিনিটে তাঁরা প্রধান ফটকে পৌঁছলেও আর ভেতরে যেতে দেয়া হয়নি। রাষ্ট্রপতির সাথে সাক্ষাত করে স্মারকলিপি দেয়ার ইচ্ছা ব্যক্ত করলে রাষ্ট্রপতির দপ্তর থেকে তাঁদের ভেতরে যাওয়ার অনুমতি না দিয়ে প্রধান ফটকেই স্মারকলিপি হস্তান্তর করতে বলা হয় বলে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু সাংবাদিকদের জানান।
পরে নাগরিক আন্দোলনের দেয়া স্মারকলিপিটি বঙ্গভবনের পুলিশ কর্মকর্তা চাঁন মাহমুদ গ্রহণ করেন।
নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, “রাষ্ট্রপতির কার্যালয় থেকে আমাদের সাক্ষাতের অনুমতি দেয়া না হয়নি। তাই আমরা তাঁর সাথে দেখা করে আমাদের কথাগুলো জানাতে পারিনি। আমরা আশা করি, রাষ্ট্রপতি আমাদের স্মারকলিপিটি পড়বেন এবং এ অনুযায়ী ব্যবস্থা নিয়ে দেশকে সংঘাত থেকে রক্ষা করবেন।”
এর আগে কাজী ফারুক সাংবাদিকদের বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতি কেএম হাসানকে নিয়োগ করা হলে দেশে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে, এ বিষয়ে আলোচনা করতে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের জন্য বারবার চেষ্টা করেছি। কিন্তু তার দপ্তর থেকে অনুমতি পাওয়া যায়নি। তাই আমরা সরাসরি চলে এসেছি। বর্তমান অবস্থায় তিনিই (রাষ্ট্রপতি) পারেন সংঘাতময় পরিস্থিতি এড়াতে।”
তিনি বলেন, বাংলাদেশকে রক্ষা করতে হবে। সংবিধানই পারে দেশ ও জনগণকে রক্ষা করতে। কারণ সাংবিধানিকভাবে কোন অবস্থাতেই কেএম হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারে না। সংবিধানকে পাশ কাঁটিয়ে কেএম হাসানকে আনা হয়েছে। এ অবস্থায় সকল দলের সাথে আলোচনা করে রাষ্ট্রপতিই একজন নিরপেক্ষ ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করতে পারেন।
রাষ্ট্রপতির দপ্তরে দেয়া স্মারকলিপিতে বলা হয়েছে, “দেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটের সম্মুখীন। আগামীকাল ২৮ অক্টোবর, ২০০৬ বর্তমান সরকারের মেয়াদ শেষে সংবিধান অনুযায়ী গঠিত হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। এই সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। বর্তমান সরকার বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিচারপতি কেএম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচিত করার জন্য সংবিধান সংশোধন করে সংকট সৃষ্টি করেছে।”
এতে আরো বলা হয়, “প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং অপরাপর রাজনৈতিক দলসমূহ কোন অবস্থাতেই চারদলের পছন্দের লোক বিচারপতি কেএম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে মেনে নেবে না বলে ঘোষণা দিয়েছে। সংকটের সমাধান করে সমঝোতা প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হওয়ায় দেশবাসী স্বস্তিবোধ করে। কিন্তু শেষ পর্যন্ত সরকারী দলের একগুয়েমীর কারণে সংলাপ ভেস্তে যায়। তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে কোন অবস্থাতেই বিচারপতি কেএম হাসানকে পরিবর্তন করতে রাজী নয়।”
স্মারকলিপিতে আরো বলা হয়েছে, “এই প্রেক্ষিতে দেশে এক গভীর রাজনৈতিক সংকট এবং নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। এমনি পরিস্থিতিতে রাষ্ট্রের অভিভাবক এবং দেশের একজন সংবেদনশীল শিক্ষাবিদ হিসেবে আপনার সাহসী ও বিচক্ষণ ভূমিকা দেশবাসী প্রত্যাশা করে। আমরা সর্বস্তরের নাগরিক সমাজের পক্ষ থেকে দেশকে অরাজকতা এবং সংঘাতময় পরিস্থিতি থেকে রক্ষার জন্য বিতর্কিত বিচারপতি কে এম হাসানের পরিবর্তে সকল দলের কাছে গ্রহণযোগ্য সংবিধান মোতাবেক একজন নিরপেক্ষ ব্যক্তিকে আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাই।
আপনার প্রাজ্ঞ, সৎ, নিরপেক্ষ ও রাষ্ট্রনায়কোচিত ভূমিকা জাতিকে এ মহাসংকট থেকে রক্ষা করতে পারে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
