হাসান বিতর্ক শুরু যেখান থেকে
বর্তমান সরকারের আমলে বিচারকদের অবসর নেওয়ার বয়স ৬৫ থেকে ৬৭ করার কারণেই মূলত বিচারপতি কে এম হাসানকে নিয়ে এত বিতর্কের সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়।
নিজের কীর্তির পক্ষে সাফাই গাইতে গিয়ে আইনমন্ত্রী মওদুদ আহমদ বেশ কয়েকবার সংবাদ মাধ্যমকে বলেছেন যে, অভিজ্ঞ ও মেধাবী বিচারকদের সেবা পেতেই আরেকজন প্রধান বিচারপতি মাহমুদূল আমিন চৌধুরীর পরামর্শে বিচারকদের বয়স বাড়ানো হয়।
কিন্তু সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন যে, বিচারপতি মাহমুদূল আমিন চৌধুরী বিচারকদের বয়স বাড়ানোর প্রস্তাব দিলেও তাঁর আমলে তা কার্যকর করা হয়নি। এমনকি তাঁর পরের দুই প্রধান বিচারপতি মাইনুর রেজা চৌধুরী বা বিচারপতি কে এম হাসানের সময়েও তা কার্যকর হয়নি।
বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের সময়ই এসে বিচারকদের অবসর নেওয়ার বয়স বাড়ানো হয়। এর ফলেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কে এম হাসানের নামটি আসে এবং তা বিতর্কিত হয়। অবশ্য বঙ্গবন্ধু হত্যা মামলায় বিব্রত বোধ করার কারণেও তাকে অগ্রহণযোগ্য মনে করে আওয়ামী লীগ।
সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে যে, যথেষ্ট যোগ্য মনে করেনি বলেই কি বর্তমান সরকার বিচারপতি কে এম হাসান এর সময় বিচারকদের অবসর নেওয়ার বয়সসীমা বাড়ায়নি? সেটা করা হলে প্রধান বিচারপতি হিসেবে হাসান অতিরিক্ত দুই বছর কাজ করতে পারতেন।
এ বিষয়ে জানতে আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ টেলিফোনে নফহবংি২৪.পড়স কে বলেন, এ বিষয়ে আগে অনেক বলেছি। এখন আর কিছুই বলতে চাই না।
