টাঙ্গাইলে আ.লীগের মিছিল-সমাবেশ, ভাংচুর
বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন বৃহস্পতিবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সমাবেশ থেকে শুক্রবার বঙ্গবন্ধু যমুনা সেতু--টাঙ্গাইল--ঢাকা মহাসড়ক অবরোধ করে ঢাকার সাথে দেশের উত্তরাঞ্চলের যোগাযোগ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় একটি ট্যাক্সিক্যাব ভাংচুর করে।
মিছিলকারীরা পরে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে মিলিত হন।
এতে বক্তৃতা করেন, আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, সুভাষ চন্দ্র সাহা, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, যুবলীগ নেতা কাজী অলিদ ইসলাম, স্বোচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান সিদ্দিকী, ছাত্রলীগ নেতা ফারুক হোসেন মানিক প্রমুখ।
