২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসান প্রশ্নে কোনো আপোস নয়: মান্নান ভূঁইয়া

–কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। বিচারপতি কে এম হাসান বিষয়ে বিরোধী দলের অবস্থান পরিবর্তন না হলে আর কোনো সংলাপ হবে না বলে জানিয়ে দিয়েছেন আবদুল মান্নান ভূঁইয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2006, 07:04 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

“‘বর্তমান পরিস্থিতিতে কে এম হাসানকে বাদ দেয়া সম্ভব নয়। যেকোনো সমঝোতা করতে হলে তাঁকে ঠিক রেখেই করতে হবে। সংবিধান রক্ষা ও সাংবিধানিক ব্যবস্থা অক্ষুন্ন রাখতে এর কোনো বিকল্প নেই।”

বুধবার বিকেলে বেইলী রোডে স্থানীয় সরকার মন্ত্রীর সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী ও ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া একথা বলেন।

“যেহেতু বিরোধী দল কে এম হাসানের ব্যাপারে অনঢ়, সেখানে আর সংলাপ করে কোনো লাভ নেই। তাঁরা যদি নতুন কোনো প্রস্তাব দেন, সেক্ষেত্রে সংলাপ হতে পারে নতুবা নয়।”

কেনো বিচারপতি কেএম হাসানকে বাদ দেয়া সম্ভব নয়-তা ব্যাখ্যা করে মান্নান ভূঁইয়া বলেন, “সংবিধান অনুযায়ী সর্বশেষ প্রধান বিচারপতি কে এম হাসান যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ গ্রহণে অসম্মতি জানান সেক্ষেত্রে কে প্রধান উপদেষ্টা হবেন তা নিয়ে আইন বিশেষজ্ঞদের মধ্যে ভিন্ন মত আছে। এক পক্ষ বলছেন কে এম হাসানের পর মাহমুদুল আমিন চৌধুরীর নাম আসে। অন্যপক্ষ বলছেন, বিচারপতি এম এ আজিজের নাম। এরকম অবস্থায় যে কাউকে করলে সেক্ষেত্রে উচ্চ আদালতে রিট হতে পারে। এতে পুরো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। আমরা এ নিয়ে কোনো সংকট সৃষ্টি করতে চাই না। এতে নির্বাচন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।”

স্থানীয় সরকারমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের সঙ্গে ৬ দফা আলোচনার বিষয়বস্তু ব্যাখ্যা করে বলেন: ‘বিরোধী দলের সংস্কার প্রস্তাব ৫১টি। এর অধিকাংশ দাবির সঙ্গে আমরাও একমত পোষণ করি। কিন্তু তাঁরা সব দাবি রেখে প্রথমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে কে এম হাসানের নিয়োগ নিয়ে সমঝোতার কথা বলেন। কিন্তু হাসানকে বাদ দিয়ে কাকে করা যাবে সেটাও তারা নির্দিষ্টভাবে বলেন না। তাই এ অবস্থায় আমাদের কে এম হাসানকে বাদ দিয়ে ভিন্ন কোনো পথে যাওয়া সম্ভব নয়।’

এ বিষয়ে ব্যাখ্যার জন্য সুপ্রিম কোর্টের কাছে যাওয়া যায় কিনা জানতে চাইলে মান্নান ভূঁইয়া বলেন, ‘এখন আর সময় নেই। সরকারের মেয়াদ শেষ। এখন তো দেশকে শূন্যতার ভেতরে রাখা যাবে না।’

কেএম হাসান প্রধান উপদেষ্টা হলে বিরোধী দলের অবরোধ কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেনা। সংঘাতের দিকে দেশকে ঠেলে দেয়া কারো উচিৎ নয়। আমরা ক্ষমতা হস্তান্তর করতে চাই শান্তিপূর্ণভাবে। এরপর বিএনপি ও আওয়ামী লীগ একই কাতারে থাকবে। দেশের আইনশৃঙ্খলা ব্যাহত করতে চাইলে তা প্রশাসনই ব্যবস্থা নেবে।’

তিনি মনে করেন, নির্বাচনে প্রধান উপদেষ্টা কিংবা প্রধান নির্বাচন কমিশনার কারোরই কোনো কিছু করার ক্ষমতা নেই। “জনগণই নির্বাচনের প্রধান ফ্যাক্টর। গত দু‘টি নির্বাচনে তাই প্রমাণ হয়েছে।”

এক প্রশ্নের জবাবে মান্নান ভূঁইয়া জানান, “সংলাপ শেষ বলব না। নতুন প্রস্তাব  এলে আবার সংলাপ হতে পারে।”

তিনি সংলাপে আবদুল জলিলের ভূমিকার প্রশংসা করে বলেন, “ঊনার আন্তরিকতার অভাব ছিল না। কিন্তু এটা ঊনার বিষয় নয়, দল ও জোটের সিদ্ধান্তের ব্যাপার।”