২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদুল ফিতর উপলক্ষে শেখ হাসিনার বাণী

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মুসলমান ধর্মালম্বীদের পবিত্র ও সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 07:02 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

শেখ হাসিনা রোববার এক বিবৃতিতে বলেছেন, মাহে রমজানের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের সকলের জন্য নিয়ে এসেছে আনন্দের বার্তা। আর বিত্তবান--বিত্তহীন সকলেই ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন এটাই আমার কামনা।

তিনি বলেন, আমার বিশ্বাস, আমাদের ঐতিহ্য অনুযায়ী সমাজের স্বচ্ছল মানুষেরা ঈদ উপলক্ষে দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের প্রতি তাদের ভালবাসা ও উদারতার হাত বাড়িয়ে দেবেন। সবার মাঝে ঈদের অনাবিল আনন্দ ছড়িয়ে দেবার উদ্যোগ নেবেন।

বিরোধী দলীয় নেতা আরো বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে আজ দেশের সাধারণ মানুষ দিশেহারা। দ্রব্যমূল্যের কষাঘাতে মধ্যবিত্ত, নিন্মবিত্ত ও নির্দিষ্ট আয়ের মানুষ আজ কোনরকমে তাদের জীবন ধারণ করে আছে। আমরা যেন তাদের না ভুলে যাই।

দেশবাসীকে সাম্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ন্যায়পরায়ণতায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হাসিনা বলেন, ন্যায়ানুগ সমাজ প্রতিষ্ঠা এবং সকলের জন্য শান্তি ও সমৃদ্ধিময় জীবন গড়ে তোলার জন্য আমাদের সকলকে আন্তরিকভাবে আত্মনিয়োগ করতে হবে।